রাজপাল যাদবের ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় জড়াল অমিতাভ বচ্চনের নাম!

অমিতাভ বচ্চন, রাজপাল যাদব
শেষ আপডেট: 22 February 2026 15:44
দ্য ওয়াল ব্যুরো: ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে জেল থেকে মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। তিহাড় জেল থেকে বেরিয়েই তিনি যোগ দেন তাঁর ভাইঝির বিয়ের অনুষ্ঠানে। হাইকোর্ট এই মামলায় তাঁকে আগামী ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। এরই মাঝে এই বিতর্কে নতুন করে জড়িয়ে পড়েছে বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন-এর নাম (Amitabh Bachchan)। তবে ঠিক কীভাবে এই মামলার সঙ্গে যুক্ত হলেন তিনি, তা নিয়ে মুখ খুলেছেন মামলাকারীর আইনজীবী।
রাজপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া ব্যবসায়ী মাধবগোপাল আগরওয়াল-এর আইনজীবী ভাস্কর উপাধ্যায় জানান, শুরুতে ছবির বকেয়া টাকা পরিশোধ নিয়ে সমস্যা থাকলেও বিষয়টি এতদূর গড়াত না। কিন্তু ২০১২ সালে একটি ঘটনা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। সেই সময় রাজপালের ছবি ‘আতা পাতা লাপতা’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন এবং মাধবগোপাল আগরওয়াল।
অনুষ্ঠান চলাকালীন মাধবগোপাল অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি তুলতে চান। কিন্তু রাজপালের টিমের সদস্যরা তাতে আপত্তি জানান। আইনজীবীর দাবি, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অমিতাভ বচ্চন কোনও পারিশ্রমিক নেননি, তাই আয়োজকদের পক্ষ থেকে মাধবগোপালকে তাঁর সঙ্গে মঞ্চ ভাগ করার সুযোগ দেওয়া হয়নি। এই ঘটনাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই ব্যবসায়ী। এরপরই তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ ছবির জন্য দিল্লির ‘মুরালি প্রজেক্ট’ নামে একটি সংস্থার কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। কিন্তু ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় সেই টাকা তিনি ফেরত দিতে পারেননি। ফলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
একাধিকবার সুযোগ দেওয়া সত্ত্বেও বকেয়া পরিশোধ না করায়, গত ৫ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করতে হয় রাজপালকে। পরে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান। জানা গেছে, আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।