আইপিএল অভিষেকেই ইতিহাস! বৈভব সূর্যবংশীকে প্রথম বলেই আউট করার পণ ছিল প্রফুল্ল হিঙ্গের। মাঠের লড়াইয়ে কথা রাখলেন এই তরুণ পেসার। রাজস্থান রয়্যালসের ব্যাটিং ধসিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক প্রফুল্ল। বিস্তারিত পড়ুন।

প্রফুল্ল হিঙ্গে
শেষ আপডেট: 14 April 2026 10:35
ম্যাচের আগে পরিকল্পনা ছিল স্পষ্ট। আর সেটাই মাঠে নেমে করে দেখালেন প্রফুল্ল হিঙ্গে (Praful Hinge)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ‘বিপজ্জনক’ ওপেনার বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) প্রথম বলেই আউট করার কথা নাকি আগে থেকেই কাছের কয়েকজনকে বলে রেখেছিলেন তিনি। গতরাতে ময়দানে নেমে কথার মান রাখলেন।
একেই আইপিএল অভিষেক। তার উপর প্রথম ওভারে সামনে ফর্মের তুঙ্গে থাকা বৈভব। কিন্তু প্রফুল্লর মধ্যে স্নায়ুচাপের ছিটেফোঁটা দেখা গেল না। পয়লা ওভারের দ্বিতীয় ডেলিভারি, শর্ট বাউন্সার। গতি সামলাতে পারেননি সূর্যবংশী। টপ এজে লেগে বল উপরে ওঠে, ক্যাচ নেন উইকেটকিপার সলিল অরোরা (Salil Arora)। গোল্ডেন ডাকে সাজঘরের পথে হাঁটা লাগান বৈভব! ম্যাচের শুরুতেই জোরালো ধাক্কা। যার অভিঘাত থেকে বেরতে ব্যর্থ রাজস্থান।
প্রথম শিকারের পরও থামেননি। একই ওভারে প্রফুল্ল ফেরান ধ্রুব জুরেল (Dhruv Jurel) ও লুয়ান-দ্রে প্রিটোরিয়াসকে (Lhuan-dre Pretorius)। আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনও বোলার ইনিংসের প্রথম ওভারেই তিন উইকেট নিলেন। এই বিধ্বংসী স্পেলে ম্যাচের ভিত তৈরি হয়ে যায়। এরপর দ্বিতীয় ওভারে রিয়ান পরাগকেও (Riyan Parag) আউট করেন নাগপুরের পেসার। শেষ পর্যন্ত ৩৪ রান খরচ করে ঝুলিতে ৪ উইকেট। প্রত্যাশিতভাবে ম্যাচের সেরাও তিনিই।
ম্যাচের পর হিঙ্গে জানান, তিনি আগেই নোটবুকে লিখে রেখেছিলেন অভিষেকে চার থেকে পাঁচ উইকেট নেবেন। পাওয়ারপ্লে-তে দাপিয়ে খেলবেন। তাঁর কথায়, ‘আমি বিশ্বাস করি ইচ্ছাশক্তিতে!’ বিশ্বাস ছিল, সূর্যবংশীকে আউট করবেন। পরিকল্পনাও আগে থেকেই ছকে রেখেছিলেন। বাউন্সার দিয়ে আক্রমণ ছিল মূল লক্ষ্য। বল হাতে তা করে দেখালেন।
দুরন্ত এই পারফরম্যান্স পরিবারকে উৎসর্গ করেছেন তিনি। বোলিং কোচ বরুণ অ্যারনের (Varun Aaron) সাহায্যের কথাও মেলে ধরেছেন প্রফুল্ল।
গতরাতের ম্যাচে আগে ব্যাট করে ২১৬/৬ তোলে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। অধিনায়ক ঈশান কিষাণের (Ishan Kishan) ব্যাট থেকে আসে ৯১। হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) ৪০। শেষে নীতীশ রেড্ডি (Nitish Reddy) দ্রুত রান যোগ করেন। বড় স্কোরের পর বল হাতে শুরুতেই ধাক্কা দেন হিঙ্গে। পরে সাকিব হুসেন (Sakib Hussain) ৪ উইকেট ছিনিয়ে ইনিংস শেষ করেন। ৫৭ রানে জেতে হায়দরাবাদ।
চলতি আইপিএলে সূর্যবংশীকে থামাতে পারেননি জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) কিংবা জশ হেজলউডের (Josh Hazlewood) মতো তারকা বোলার। কিন্তু আইপিএল অভিষেকেই কঠিন কাজ করে দেখালেন হিঙ্গে। এর আগে টি-২০ ফর্ম্যাটে তেমন খেলেননি, বড় মঞ্চেও অভিজ্ঞতা নেই বললেই চলে। বিদর্ভের হয়ে মাত্র একটি ম্যাচ। সম্বল এটুকুই। সেখান থেকে সরাসরি আইপিএলে এসে এমন দাপট—প্রফুল্লের এই আকস্মিক উত্থান আলাদা করে নজর কাড়ছে।