কলকাতার (Kolkata Police) প্রতিটি থানাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে সব গ্রেফতারি পরোয়ানা এখনও কার্যকর করা সম্ভব হয়নি, সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ করতে হবে।

লালবাজার
শেষ আপডেট: 14 April 2026 14:40
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে নির্বাচনের দিন (West Bengal Assembly Election 2026) ঘোষণার পর থেকেই সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। এবার কমিশনের সেই কড়া মেজাজই প্রতিফলিত হল লালবাজারের (Laalbazar) নির্দেশে। কলকাতার (Kolkata Police) প্রতিটি থানাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে সব গ্রেফতারি পরোয়ানা এখনও কার্যকর করা সম্ভব হয়নি, সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ করতে হবে। হয় অভিযুক্তদের গ্রেফতার (Arrest) করতে হবে, নয়তো কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত খতিয়ান পাঠাতে হবে সদর দফতরে।
পরোয়ানা নিয়ে সাঁড়াশি চাপ
নির্বাচন কমিশন (ECI) আগেই জানিয়েছিল, যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা রয়েছে, তাদের ১০ দিনের মধ্যে পাকড়াও করতে হবে। লালবাজারের সোমবারের নির্দেশিকায় সেই সুর আরও চড়ানো হয়েছে। এবার কেবল জামিন অযোগ্য নয়, জামিনযোগ্য পরোয়ানাগুলোর ক্ষেত্রেও থানাগুলো কী ভূমিকা নিচ্ছে, তার পূর্ণাঙ্গ তালিকা তলব করেছেন লালবাজারের শীর্ষকর্তারা। নির্বাচনের (Election News) সময় শান্তি বজায় রাখতে এই পরোয়ানাগুলো কার্যকর করা অত্যন্ত জরুরি বলে মনে করছে পুলিশ প্রশাসন।
পুলিশি আচরণ ও ১৫ দফা বিধি
কলকাতার নতুন পুলিশ কমিশনার (Kolkata Police CP) অজয় নন্দা দায়িত্বভার গ্রহণ করার পর এবার পুলিশকর্মীদের অনুশাসন ও দায়বদ্ধতার দিকে বিশেষ নজর দিয়েছেন। প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার (Supratim Sarkar) সোশ্যাল মিডিয়ায় (Social Media) পুলিশকর্মীদের আচরণ নিয়ে যে ১৫ দফা নির্দেশিকা জারি করেছিলেন, এ দিনের নির্দেশিকায় তা আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে। লালবাজার সূত্রে খবর, নজরদারি চলাকালীন দেখা গিয়েছে যে কিছু পুলিশকর্মী সরকারি নিয়মবিধি মানছেন না। তাঁদের মনে করিয়ে দেওয়া হয়েছে, ভোট চলাকালীন সমস্ত সরকারি কর্মচারী আসলে কমিশনের অধীনেই কাজ করেন। ফলে নিয়ম ভাঙলে কমিশন যে কোনও মুহূর্তেই কড়া পদক্ষেপ নিতে পারে।
অপরাধমূলক মামলার দ্রুত নিষ্পত্তি
কমিশন আগেই রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছিল যে, বিগত নির্বাচনগুলোর সময় যে সব অপরাধমূলক মামলা দায়ের হয়েছিল, সেগুলোর দ্রুত নিষ্পত্তি করতে হবে। সেই নির্দেশের রেশ ধরেই লালবাজারের এই তৎপরতা। পুলিশি দায়িত্ব পালনের ক্ষেত্রে বিন্দুমাত্র শিথিলতা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন লালবাজারের কর্তারা।