ফুটবলের ৯০ মিনিটের ম্যাজিক কি তবে শেষ? ৫০ মিনিটের ম্যাচ, লাল কার্ড বাতিলের মতো একের পর এক চাঞ্চল্যকর প্রস্তাব দিলেন নাপোলি-প্রধান অরেলিও ডে লরেন্তিস। ফুটবলকে আরও জনপ্রিয় করতে তাঁর ছকভাঙা ভাবনা নিয়ে বিস্তারিত পড়ুন।

অরেলিও লরেন্তিস
শেষ আপডেট: 14 April 2026 17:10
দ্য ওয়াল ব্যুরো: খেলার ধাঁচ বদলাতে হবে, নতুন প্রজন্মের কাছে পৌঁছতে হবে—এই বিশ্বাসের জোরে একগুচ্ছ প্রস্তাব দিলেন ইতালির ক্লাব নাপোলির (Napoli) মালিক অরেলিও লরেন্তিস (Aurelio De Laurentiis)। তাঁর মতে, সাম্প্রতিক ফুটবল নয়া জমানাকে ধরে রাখতে ব্যর্থ। লম্বা ম্যাচ, শ্লথ গতি, থেকে থেকে ভিএআরের (VAR) নজরদারির কারণে লড়াইয়ের স্পন্দন যাচ্ছে হারিয়ে। আজকাল টিভির সামনে বসে দেখার ধৈর্য নেই তরুণ দর্শকদের। ফলে নিয়ম বদলাতে হবে—দাবি লরেন্তিসের।
৯০ মিনিট নয়, ম্যাচ হোক ৫০ মিনিটের
সবচেয়ে বড় প্রস্তাব—খেলার সময় কমানো। ৪৫ মিনিটের বদলে প্রতি অর্ধ হবে ২৫ মিনিটের। মোট ৫০ মিনিটের ম্যাচ। সময় গোনা হবে শুধুই বল পায়ে থাকলে। আলাদা করে সংযুক্ত সময়ের দরকার নেই। এ ছাড়া ১৫ মিনিটের হাফটাইমও নাপোলির মালিকের অপছন্দ। তাঁর যুক্তি—এই বিরতিতে দর্শক, বিশেষ করে বাচ্চারা, খেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ম্যাচের ধারাবাহিকতা যায় ভেঙে।
লাল-হলুদ কার্ড বাদ, বদলে ‘সিন-বিন’
লরেন্তিসের মতে, কার্ড ব্যবস্থাও পালটানো জরুরি। লাল বা হলুদ কার্ড তুলে দেওয়ার প্রস্তাব রেখেছেন তিনি। পরিবর্তে ‘সিন-বিন’ চালু করতে চান। যেমন, ছোট ফাউলে ৫ মিনিটের জন্য মাঠের বাইরে। বড় ফাউলে ২০ মিনিটের জন্য। এতে শাস্তি ম্যাচের মধ্যেই কার্যকর হবে। ভবিষ্যতের ম্যাচে সাসপেনশনের বদলে তাৎক্ষণিক প্রভাব পড়বে দলের উপর।
অফসাইড নিয়ম বদল, বাড়াতে হবে গোল
ফুটবলে গোল কম হচ্ছে—এই নিয়েও নাখুশ লরেন্তিস। তাঁর মতে, খুব অল্প ব্যবধানে অফসাইড ঘোষণা ঠিক নয়। মিলিমিটারের জন্য গোল ক্যানসেল করলে দর্শকের আগ্রহ কমে। তাই অফসাইড নিয়মে বড়সড় পরিবর্তন চান তিনি। লক্ষ্য একটাই—গোল বাড়ানো, ম্যাচকে আরও আকর্ষণীয় করে তোলা।
ছোট শহরের দল নয়, কমাতে হবে লিগ
শুধু নিয়ম নয়, কাঠামোতেও পরিবর্তন চান ডে লরেন্তিস। প্রস্তাব—সিরি আ (Serie A) ২০ থেকে কমিয়ে ১৬ দলের করা উচিত। ছোট শহরের ক্লাবের ন্যয্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নাপোলি-প্রধানের মতে, যে সব ক্লাবের সমর্থক কম, তাদের টিভি দর্শকও হাতেগোনা। যা বাণিজ্যিক ক্ষতির কারণ। বড় ফ্যানবেস থাকা টিমকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন লরেন্তিস।
ইউরোপজুড়ে নতুন প্রতিযোগিতার ভাবনা
বৈশ্বিক গ্র্যান্ড পরিকল্পনার কথাও মেলে ধরেছেন নাপোলির কর্ণধার। ইতালি, ইংল্যান্ড, স্পেন, জার্মানি ও ফ্রান্সের বড় ক্লাবগুলোকে নিয়ে নতুন টুর্নামেন্ট চালুর প্রস্তাব দিয়েছেন। তবে একে বিতর্কিত ‘সুপার লিগ’ বলতে নারাজ। লরেন্তিসের ভাষায়, নাম দেওয়া হোক ‘সুপার চ্যাম্পিয়নশিপ’। কথাপ্রসঙ্গে ফিফা (FIFA) ও উয়েফার (UEFA) উপরও ক্ষোভ উগরে দেন। বেশি ম্যাচ চাপিয়ে দিয়ে ফুটবলারদের ক্লান্ত করে দেওয়া হচ্ছে—এটাই প্রধান অভিযোগ।
সব মিলিয়ে লরেন্তিসের বক্তব্য পরিষ্কার—নতুন প্রজন্মকে ধরে রাখতে না পারলে ফুটবলের ভবিষ্যৎ সংকটে পড়বে। আর সেই কারণে নিয়ম, কাঠামো—সবকিছু নতুন করে ভাবার সময় এসেছে।