দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের একটি ভাইরাল ভিডিও নিয়ে সরব হন। শাহ দাবি করেন, হুমায়ুন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই উস্কানিমূলক কাজ করছেন।
.jpeg.webp)
অমিত শাহ
শেষ আপডেট: 14 April 2026 20:24
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের জনসভা থেকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাইরাল হওয়া একটি স্টিং ভিডিও-র প্রসঙ্গ টেনে তাঁকে 'দিদির এজেন্ট' বলে কটাক্ষ করার পাশাপাশি তোপ দাগলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও।
হুমায়ুন এবং মমতা বদ্যোপাধ্যায়কে একাসনে বসিয়ে আক্রমণ করেন অমিত শাহ। গঙ্গারামপুরের গোচিয়ার মাঠের সভা থেকে শাহ অভিযোগ করেন যে, হুমায়ুন কবীর আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কাজ করছেন। তাঁর দাবি, হুমায়ুন কবীর বাংলায় ফের 'বাবরি মসজিদ' তৈরির পরিকল্পনা করছেন, যা বিজেপি ক্ষমতায় থাকলে কোনওদিন সম্ভব হবে না।
তৃণমূলের প্রকাশিত একটি ভিডিওতে দাবি করা হয়, মুসলিম ভোটকে প্রভাবিত করতে বিজেপির সঙ্গে এক হাজার কোটি টাকার গোপন চুক্তি করেছেন হুমায়ুন। হুমায়ুন কবীর প্রথম থেকেই দাবি করেন, ওই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে তৃণমূল বানিয়েছে। তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, মিম নেতারা ভিডিওটির সত্যতা যাচাই না করেই তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে আসাউদ্দিন ওয়েইসিকে ভুল বুঝিয়ে জোট ভেঙে দিয়েছেন। এর প্রতিকারে তিনি আদালতেও যাবেন বলে জানিয়েছেন। তাঁর সাফ চ্যালেঞ্জ, “বিজেপির থেকে এক হাজার কোটি তো দূরের কথা, কেউ যদি প্রমাণ করতে পারে আমি এক কোটি টাকাও নিয়েছি, তবে আমি সব দায় মাথা পেতে নেব।”
ভাইরাল হওয়া ভিডিও-র রেশ টেনে শাহ ইঙ্গিত দেন যে, তৃণমূলের এই সমস্ত নেতারাই নেপথ্যে থেকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। শাহের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য রাজ্যের উন্নয়ন বা কর্মসংস্থান নয়, বরং তাঁর 'ভাইপো'কে মুখ্যমন্ত্রী পদে বসানো।
অনুপ্রবেশ ও উন্নয়ন নিয়েও কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসন্ন নববর্ষের প্রাক্কালে শাহ বাংলার মানুষকে তৃণমূল সরকারকে বিদায় জানানোর ডাক দেন। তিনি প্রতিশ্রুতি দেন, আগামী ৫ মে বিজেপি সরকার গঠনের পর দেশ থেকে সমস্ত অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে।
রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করা হবে এবং উত্তরবঙ্গে একটি ট্রাইবাল ইউনিভার্সিটি বা আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি, মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা ভাতা, সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।
মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ-কে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিচ্ছেন না বলেও এদিন মঞ্চ থেকে অভিযোগ তোলেন শাহ। সব মিলিয়ে, নির্বাচনী আবহে হুমায়ুন কবীরের স্টিং ভিডিও-কে হাতিয়ার করে উত্তরবঙ্গের মাটি থেকে সরাসরি নবান্নকে নিশানা করলেন মোদীর সেনাপতি।