ভোটের ডিউটিতে গাফিলতি নয়! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য কড়া নির্দেশিকা জারি—নিরপেক্ষতা থেকে নিরাপত্তা, সবকিছুতেই নজর কমিশনের

নির্বাচন কমিশন
শেষ আপডেট: 14 April 2026 22:57
দ্য ওয়াল ব্যুরো: ভোটের (West Bengal Assembly Election 2026) মুখে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং সেক্টর অফিসারদের জন্য বিস্তারিত নির্দেশিকা (Election Commission of India) জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ভোটগ্রহণ প্রক্রিয়া যাতে নিরপেক্ষ, স্বচ্ছ ও নিরাপদ হয়, তা নিশ্চিত করতেই এই নির্দেশিকা বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ভোটকর্মীদের সর্বদা নিরপেক্ষ থাকতে হবে এবং কোনও রাজনৈতিক প্রভাব বা সাহায্য গ্রহণ করা যাবে না। এমনকি কোনও রকম উপহার বা সুবিধা নেওয়াও কঠোরভাবে নিষিদ্ধ। ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
ভোট শুরুর আগে মক পোল বাধ্যতামূলক করা হয়েছে এবং ভোটগ্রহণ শুরুর আগে ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করে নিতে হবে। ভোট চলাকালীন কোনও অনিয়ম বা সমস্যা দেখা দিলে দ্রুত রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ইসিআইনেট অ্যাপের মাধ্যমে তা জানাতে হবে।
ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের উপরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোটারদের গোপনীয়তা রক্ষায় ভোটকক্ষের অবস্থান, ক্যামেরার ব্যবহার এবং প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়েও বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে।
সেক্টর অফিসারদের ক্ষেত্রেও একাধিক দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের প্রস্তুতি, নিরাপত্তা, ওয়েবকাস্টিং, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা— সব কিছু খতিয়ে দেখার নির্দেশ রয়েছে। ভোটের দিন নিয়মিত পরিদর্শন করে রিপোর্ট দেওয়ার কথাও বলা হয়েছে।
একই সঙ্গে অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ভোটিংয়ের ক্ষেত্রেও আলাদা নির্দেশিকা জারি করা হয়েছে। বাড়িতে গিয়ে ভোট নেওয়ার সময় পরিচয় যাচাই, গোপনীয়তা রক্ষা এবং নিরাপত্তা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে।