বড় ধাক্কা খেল অক্ষয় কুমারের 'ভূত বাংলো'! সেন্সর বোর্ডের নির্দেশে বাদ পড়ল একের পর এক গুরুত্বপূর্ণ দৃশ্য।

'ভূত বাংলো'
শেষ আপডেট: 14 April 2026 23:43
দ্য ওয়াল ব্যুরো: অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শনের বহু প্রতীক্ষিত ছবি 'ভূত বাংলো' মুক্তির (Bhoot Bangla Censor Board) আগেই আলোচনার তুঙ্গে। ছবির ট্রেলার ও গান দর্শকদের মনে জায়গা করে নিলেও, সেন্সর বোর্ডের কাঁচি থেকে রেহাই পায়নি এই হরর-কমেডি। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) ছবিটিকে ‘U/A’ সার্টিফিকেট দিলেও তার আগে একগুচ্ছ পরিবর্তনের নির্দেশ দিয়েছে।
ছবির একাধিক সংলাপ ও দৃশ্যে বদল আনা হয়েছে। ছবির ২৬ মিনিটের মাথায় থাকা একটি আপত্তিকর শব্দ এবং এক ঘণ্টার কাছাকাছি সময়ের বেশ কিছু সংলাপ সংশোধন করা হয়েছে। এমনকি বাদ পড়েছে সাবটাইটেলের অশালীন শব্দও। শুধু ভাষা নয়, নারীদের নিয়ে করা একটি অসম্মানজনক সংলাপও বদলে দিতে হয়েছে নির্মাতাদের। এছাড়াও ধর্মীয় ও কুসংস্কার সংক্রান্ত দৃশ্যের ক্ষেত্রে ডিসক্লেমার যোগ করার নির্দেশ দিয়েছে বোর্ড।
এই সব সংশোধনের ফলে ছবির দৈর্ঘ্যেও বড় প্রভাব পড়েছে। শুরুতে 'ভূত বাংলো' ছিল ১৭০ মিনিটের ছবি। কিন্তু সেন্সর বোর্ডের নির্দেশে মোট ৬৩টি দৃশ্য বাদ দেওয়ার পর বর্তমানে ছবিটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৬৪ মিনিট ৫২ সেকেন্ড, অর্থাৎ প্রায় ২ ঘণ্টা ৪৪ মিনিট।
প্রথমে ছবিটি ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে তা পিছিয়ে ১৭ এপ্রিল করা হয়েছে। ১৬ এপ্রিল একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন রাখা হয়েছে। এই তারিখ বদল নিয়ে গুঞ্জন ছিল যে, বক্স অফিসে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সঙ্গে সরাসরি টক্কর এড়াতেই এই সিদ্ধান্ত। ছবির সহ-প্রযোজক একতা কাপুর অবশ্য বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন। তাঁর মতে, যেহেতু ‘ধুরন্ধর’ এই মুহূর্তে দারুণ ব্যবসা করছে, তাই দুই ছবির ব্যবসায়িক স্বার্থেই ‘ভূত বাংলো’র মুক্তির দিন কয়েক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।