এদিনের বৈঠকে অভিষেক অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে অভিযোগ করেন, “একজন পর্যবেক্ষক হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়েছেন যে আমার এবং আমার স্ত্রীর গাড়ি তল্লাশি করতে হবে। বেশ তো, করুন। কিন্তু বিজেপি নেতাদের ক্ষেত্রে কী নিয়ম? তাঁদের গাড়ি কেন চেক করা হচ্ছে না?”

অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 14 April 2026 21:12
দ্য ওয়াল ব্যুরো: ভোট (West Bengal Assembly Election 2026) যত এগিয়ে আসছে, ততই চড়ছে সুর। কর্মিসভা থেকে এবার নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সিকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একদিকে যেমন নিজের ও স্ত্রীর গাড়ি তল্লাশি নিয়ে এক নির্বাচনী পর্যবেক্ষকের হোয়াটসঅ্যাপ নির্দেশ ফাঁস করেছেন, তেমনই আই-প্যাক (I-PAC) ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেফতারি নিয়েও তোপ দেগেছেন তিনি।
এদিনের বৈঠকে অভিষেক অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে অভিযোগ করেন, “একজন পর্যবেক্ষক হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়েছেন যে আমার এবং আমার স্ত্রীর গাড়ি তল্লাশি করতে হবে। বেশ তো, করুন। কিন্তু বিজেপি নেতাদের ক্ষেত্রে কী নিয়ম? তাঁদের গাড়ি কেন চেক করা হচ্ছে না?” এই বৈষম্যের বিরুদ্ধে তৃণমূল যে আইনি পথে লড়াই করবে, তা-ও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
উত্তর দিনাজপুরে ‘ভোটদানে বাধা’র বিষয়ও উঠে এসেছে তাঁর বক্তব্যে। নির্বাচনী প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে অভিষেক উত্তর দিনাজপুরের একটি ঘটনার কথা উল্লেখ করেন। তিনি জানান, পোস্টাল ব্যালটে ভোট চলাকালীন একজন বিএলও (BLO) এক ভোটারকে জোর করে বিজেপির পক্ষে ভোট দিতে বাধ্য করছিলেন। তবে তৃণমূল কর্মীরা তা হাতেনাতে ধরে প্রতিরোধ গড়ে তোলেন। এই ঘটনা তুলে ধরে তিনি দলীয় কর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “শুধু ভোট দিলে হবে না, স্ট্রং রুমের বাইরেও দিনরাত সতর্ক থাকতে হবে।”
নাম না করে ভিনেশ চান্ডেলের গ্রেফতারি নিয়েও মন্তব্য করেছেন অভিষেক। নির্বাচনের ঠিক মুখে এই গ্রেফতারিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে ব্যাখ্যা করেন তিনি। অভিষেকের কথায়, “বিজেপি এজেন্সি দিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু তারা জানে না, এই ধরনের আক্রমণ আমাদের আরও শক্তিশালী করবে। যত আমাদের ওপর আঘাত আসবে, তৃণমূল তত বেশি শক্তি নিয়ে ঘুরে দাঁড়াবে।”
অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা (বাঙালিরা) ব্রিটিশদের সামনে মাথা নত করিনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে? গুজরাতের গুণ্ডা আমাদের ভয় দেখাবে?"
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই নির্বাচনে যারা ভাল কাজ করবেন ভোটের তাদেরকে দল অবশ্যই পুরষ্কৃত করবে, কিন্তু যদি কেউ ভাবেন যে শুধু লোক দেখানোর মত করে কিছু করবেন, তাহলে জেনে রাখবেন দল কিন্তু সবদিক নজরে রেখেছে। আপনার 'পদ' আপনার কাজের উপর নির্ভর করছে।
শুধু কেন্দ্রীয় এজেন্সি নয়, এদিনের বৈঠকে অভিষেক অভিযোগ করেন ইলেকশন কমিশন এবং বিচারবিভাগের একাংশের বিরুদ্ধেও। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে অভিষেক বলেন কেন সব কেস একজনের কাছেই যায়?
এনআরসি নিয়ে আন্দোলনের প্রসঙ্গ তুলে অভিষেক সরাসরি আক্রমণ করেন কংগ্রেস সহ আইএসএফ, মিম-কেও। অভিষেকের কথায়, যখন NRC নিয়ে আন্দোলন হচ্ছিল তখন এইসব কংগ্রেস, আইএসএফ বা মিম কোথায় ছিল? মালদহ বা মুর্শিদাবাদের মানুষ যখন লড়াই করছিল তখন এরা কেন পাশে দাঁড়াননি? প্রশ্ন তোলেন অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের সতর্ক করে বলেন, বিহারে ওরা প্রতি বিধানসভায় পাঁচ-ছ'টা করে ইভিএম চেঞ্জ করেছিল যেটা ওখানে কেউ ধরতে পারেনি। কিন্তু এখানে আমরা ওদের এসব করতে দেব না। কর্মীদের সতর্ক করে দিয়ে অভিষেক বলেন, যদি একজনকেও এলাকার ভোটার বলে মনে না হয় তাহলে যে করেই হোক তাকে আটকাতে হবে।
অভিষেকের এদিনের বক্তব্য থেকে পরিষ্কার, আগামী দিনের লড়াইয়ে কমিশন থেকে এজেন্সি— প্রতিটি পদক্ষেপেই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি জোড়াফুল শিবির।