42-এ প্রেগন্যান্সি, তবুও ওয়েট লিফটিং! করিশ্মা তান্নার ফিটনেস দেখে অবাক নেটিজেনরা।

ফাইল চিত্র
শেষ আপডেট: 14 April 2026 16:28
দ্য ওয়াল ব্যুরো: ৪২ বছর বয়সে জীবনের এক নতুন এবং সুন্দর অধ্যায় শুরু করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্না (Karishma Tanna’s pregnancy)। সম্প্রতি নিজের গর্ভাবস্থার খবর ভাগ করে নিয়েছেন তিনি। বিয়ের চার বছর পর অগস্ট মাসেই করিশ্মা ও ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার কোল আলো করে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। জীবনের এই বিশেষ সময়টি অভিনেত্রী কীভাবে উপভোগ করছেন, তা নিয়েই এখন মেতেছেন অনুরাগীরা।
নিজের স্টাইল আর ব্যক্তিত্বের জন্য করিশ্মা বরাবরই প্রশংসিত। মা হতে চলার এই সময়েও তিনি ফিটনেস নিয়ে বিন্দুমাত্র আপস করতে রাজি নন। সম্প্রতি শরীরচর্চার একটি ভিডিও শেয়ার করে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। ভিডিওতে স্পষ্ট বেবি বাম্প থাকা সত্ত্বেও তাঁকে ভারী ডাম্বেল তুলতে এবং ওয়েট লিফটিং করতে দেখা গেছে। এই দেখে একদল অনুরাগী তাঁর ফিটনেসের প্রশংসা করলেও, অন্যদল তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমালোচনাও করেছেন।
২০২২ সালে বরুণ বাঙ্গেরার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন করিশ্মা। গর্ভাবস্থায় নিজেকে ফিট রাখা এবং ইতিবাচক মানসিকতায় জীবনকে উপভোগ করার এই ধরণ অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই নতুন জার্নি বা সফরের জন্য ভীষণ উত্তেজিত এই দম্পতি।