দীর্ঘদিন ধরেই পাহাড়ের রাজনীতিতে গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে চাপানউতর চলছে। বিরোধীরা বারংবার বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছে।
.jpeg.webp)
অমিত শাহ
শেষ আপডেট: 14 April 2026 17:11
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের ভোট-যুদ্ধে (West Bengal Assembly Election 2026) এ বার ‘বিভাজন’ নয়, ‘উন্নয়ন’ এবং ‘ঐক্য’-কেই তুরুপের তাস করল পদ্ম-শিবির (BJP)। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) অভয় দিয়ে জানালেন, পশ্চিমবঙ্গকে অখণ্ড রেখেই গোর্খা সমস্যার স্থায়ী ও গ্রহণযোগ্য সাংবিধানিক সমাধান করবে কেন্দ্র। পাশাপাশি উত্তরবঙ্গের জন্য এইমস (AIIMS), আইআইটি (IIT) এবং পৃথক ক্যানসার হাসপাতালের মতো একগুচ্ছ মেগা প্রকল্পের প্রতিশ্রুতিও দেন তিনি।
গোর্খা সমস্যা ও অখণ্ড বাংলা
দীর্ঘদিন ধরেই পাহাড়ের রাজনীতিতে গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে চাপানউতর চলছে। বিরোধীরা বারংবার বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছে। এদিন সেই সব জল্পনায় জল ঢেলে শাহ বলেন, “বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার একটি সাংবিধানিক সমাধান করা হবে। এই সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্র দায়বদ্ধ।” রাজনৈতিক মহলের মতে, পাহাড়ের ভাবাবেগ রক্ষা এবং সমতলের মানুষের মন জয়— দুই লক্ষ্যেই এই কৌশলী অবস্থান নিলেন শাহ।
উত্তরবঙ্গের জন্য শাহের ‘রোডম্যাপ’
এ দিন শাহের ভাষণে উত্তরবঙ্গের সার্বিক পরিকাঠামো পরিবর্তনের নীল নকশা ধরা পড়েছে। তাঁর ঘোষিত প্রতিশ্রুতিগুলো হল:
শিক্ষা ও স্বাস্থ্য: উত্তরবঙ্গে একটি পূর্ণাঙ্গ এইমস তৈরি করা হবে। পাশাপাশি গড়া হবে ৬০০ শয্যার একটি অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল। উচ্চশিক্ষার জন্য এই অঞ্চলেই তৈরি হবে আইআইটি (IIT) এবং আইআইএম (IIM)। জনজাতিদের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ার কথাও জানান তিনি।
পরিকাঠামো ও অর্থনীতি: দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত একটি বিশাল মহাসড়ক তৈরির পরিকল্পনা নিয়েছে বিজেপি। উত্তরবঙ্গে চারটি বড় শহর গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পর্যটন ও সংস্কৃতি: দার্জিলিংকে আন্তর্জাতিক মানের ‘ইকো অ্যাডভেঞ্চার হাব’ হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাসও দিয়েছেন শাহ।
কলকাতায় প্রকাশিত বিজেপির ‘সংকল্প পত্রে’ উত্তরবঙ্গের জন্য যা যা বলা হয়েছিল, এদিন গঙ্গারামপুরের মাটি থেকে তাতে সিলমোহর দিলেন শাহ। তাঁর দাবি, কল্যাণীর এইমস উত্তরবঙ্গের মানুষের জন্য অনেক দূর হয়ে যায়, তাই উত্তরবঙ্গবাসীর জন্য বাড়ির কাছেই উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে বিজেপি সরকার।