বিহারের ইতিহাসে এই প্রথমবার গেরুয়া শিবিরের কোনও নেতা রাজ্যের শীর্ষ পদে বসছেন। এক সময় নীতীশের কট্টর সমালোচক হিসেবে পরিচিত সম্রাট চৌধুরী এবার তাঁরই আশীর্বাদ মাথায় নিয়ে বিহারের প্রশাসনিক হাল ধরতে চলেছেন।

বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী
শেষ আপডেট: 14 April 2026 17:25
দ্য ওয়াল ব্যুরো: গত ২০ বছরের সমীকরণ বদলে দিয়ে বিহারের রাজনীতিতে (Bihar Politics) এক নতুন অধ্যায়ের সূচনা হল। জল্পনার অবসান ঘটিয়ে এটা এখন স্পষ্ট যে, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী (Samrat Choudhary)। বিহারের ইতিহাসে এই প্রথমবার গেরুয়া শিবিরের কোনও নেতা রাজ্যের শীর্ষ পদে বসতে চলেছেন (first BJP Chief Minister of Bihar)।
মঙ্গলবার সকালে নীতীশ কুমারের ইস্তফার (Nitish Kumar resignation Bihar) পরেই তাঁর উত্তরসূরি হিসেবে সম্রাটের নাম চূড়ান্ত করা হয়।
সহযোগিতার আশ্বাস নীতীশের
মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ একটি দীর্ঘ পোস্ট করেন নীতীশ কুমার। তিনি লেখেন, "এখন থেকে নতুন সরকার বিহারের কাজের দেখাশোনা করবে। এই নতুন সরকারের প্রতি আমার পূর্ণ সহযোগিতা এবং দিকনির্দেশনা থাকবে।" দীর্ঘদিনের শরিক বিজেপির হাতে রাজ্যের রাশ ছেড়ে দিয়ে নীতীশ এখন পা রাখছেন রাজ্যসভায়।
কেন সম্রাট চৌধুরী?
৫৭ বছর বয়সি সম্রাট চৌধুরী বর্তমানে বিহার বিজেপির অন্যতম প্রধান মুখ এবং নীতীশ মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর নির্বাচনের পিছনে রয়েছে বড়সড় রাজনৈতিক অঙ্ক।
সম্রাট চৌধুরী কুশওয়াহা (কোয়েরি) সম্প্রদায়ের প্রতিনিধি। বিহারে ওবিসি (OBC) ভোটের অঙ্কে যাদবদের পরেই কুশওয়াহারা সবচেয়ে প্রভাবশালী। সূত্রের খবর, নীতীশের দল জেডিইউ (JDU)-এর পক্ষ থেকেই এই বিশেষ জাতগোষ্ঠীর কাউকেই মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যাতে রাজ্যের সামাজিক ভারসাম্য বজায় থাকে।
বিজেপির দীর্ঘ প্রতীক্ষার অবসান
২০০৫ সাল থেকে বিহারে নীতীশ কুমারের জুনিয়র পার্টনার হিসেবে কাজ করে আসছে বিজেপি। মাঝে কয়েক বছরের ব্যবধান থাকলেও, এককভাবে মুখ্যমন্ত্রীর কুর্সি অধরাই ছিল পদ্ম শিবিরের কাছে। ২৪৩ আসনের বিহার বিধানসভায় বিজেপির হাতে রয়েছে ৮৯ জন বিধায়ক, যেখানে জেডিইউ-এর শক্তি ৮৫।
সংখ্যার বিচারে বড় দল হওয়া সত্ত্বেও এতদিন শরিকি বাধ্যবাধকতায় নীতীশকেই সামনে রেখেছিল তারা। অবশেষে ২০২৬-এ এসে সেই ‘মহা-প্রতীক্ষা’র অবসান ঘটল।
এক সময় নীতীশের কট্টর সমালোচক হিসেবে পরিচিত সম্রাট চৌধুরী এবার তাঁরই আশীর্বাদ মাথায় নিয়ে বিহারের প্রশাসনিক হাল ধরতে চলেছেন।