মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে রাবণের সাথে তুলনা করে বলেন, রাবণ যেমন সীতাকে হরণ করেছিলেন, বিজেপি তেমনি মানুষের অধিকার হরণ করছে। তাঁর অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা এবং আবাসের টাকা আটকে রেখে কেন্দ্র বাংলার সাধারণ মানুষের হক কেড়ে নিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 14 April 2026 13:58
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে বাংলায় ভোট (West Bengal Assembly Election 2026) মানেই এখন একদিকের জয় শ্রীরাম স্লোগান আর অন্যদিকের চণ্ডীপাঠ। বিধানসভা ভোটের মুখে রাম-ভক্তি নিয়ে বিজেপি যখন বাংলা চষে বেড়াচ্ছে, ঠিক তখনই ত্রেতা যুগের রামায়ণকে হাতিয়ার করেই গেরুয়া শিবিরকে পাল্টা আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার পিংলার সভা থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra Modi) ও বিজেপিকে (BJP) রাবণের সঙ্গে তুলনা করলেন তৃণমূল নেত্রী।
বিজেপি মানেই হরণকারী এমনই দাবি উঠে এল তাঁর মুখে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে উঠে আসে রামায়ণের প্রসঙ্গ। তবে বিজেপির মতো ‘রাম নাম’ জপ নয়, বরং বিজেপিকে ‘হরণকারী’ হিসেবে দাগিয়ে দিতে চাইলেন তিনি। মঙ্গলবারের বক্তৃতায় মমতা বলেন, "রাবণ সীতাকে হরণ করেছিল। আর এখনকার এই বিজেপি আপনাদের সব অধিকার হরণ করেছে। আপনাদের ১০০ দিনের কাজের টাকা হরণ করেছে, ঘর তৈরির টাকা হরণ করেছে, আর এখন হরণ করতে চাইছে আপনাদের গণতান্ত্রিক অধিকার।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য সেই সাধারণ মানুষ। নির্বাচন কমিশনের কড়া নজরদারির মধ্যেই এদিনের সভা থেকে মমতা মনে করিয়ে দেন, লড়াইটা আসলে আমজনতার সঙ্গে বিজেপির।
এখানেই না থেমে কমিশনে বার্নল পোস্টের বিরুদ্ধেও সুর চড়ান তিনি। নির্বাচনের ঠিক মুখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি বিতর্কিত পোস্ট এবং নির্বাচন কমিশনের ‘বার্নল-বোরোলিন’ সংক্রান্ত সার্কুলারকে কেন্দ্র করে মঙ্গলবার রণংদেহি মেজাজে ধরা দেন তৃণমূল সুপ্রিমো। বিরোধীদের কড়া ভাষায় চ্যালেঞ্জ জানিয়ে তিনি সাফ বললেন, "হিম্মত থাকলে সরাসরি মানুষের সঙ্গে লড়াই করুন।"
‘বার্নল নয়, আইসক্রিম দেব’ বলেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রীর গলায় এদিন শোনা গিয়েছে চেনা বিদ্রুপের সুর। বিজেপি (BJP) তথা বিরোধীদের নাম না করে তিনি বলেন, "সার্কুলার দেওয়া হয়েছে, সেখানে বার্নল-বোরোলিনের কথা লেখা হয়েছে। কাদের এত ভয় দেখাচ্ছেন? যারা বলছে বার্নল দিয়ে পুড়িয়ে দেব, বার্নল রেখে দাও— তাদের বলুন তোমাদের জন্য আমাদের বার্নল নয়, আইসক্রিম দেব।"
রাজনৈতিক মহলের মতে, বিজেপির হিন্দুত্বের রাজনীতির পালটা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সচেতনভাবেই এই পৌরাণিক উপমা ব্যবহার করেছেন। রাবণ যেমন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিল, বিজেপিও তেমনই বাংলার মানুষের হক কেড়ে দিল্লিতে আটকে রেখেছে— এই তত্ত্বেই ভোটারদের মন পেতে চাইছেন তৃণমূল সুপ্রিমো।