আইপিএলে আজ বাঁচা-মরার লড়াই! কলকাতার নাইট বাহিনী বনাম চেন্নাই সুপার কিংস। নববর্ষের আবহে চিপকের ঘূর্ণি পিচে শেষ হাসি হাসবে নাইটরা নাকি টানা জয়ের ধারা বজায় রাখবে সিএসকে? বিস্তারিত পড়ুন।

সিএসকে বনাম কেকেআর
শেষ আপডেট: 14 April 2026 13:35
দ্য ওয়াল ব্যুরো: যাহা পুতারু, তাহাই পয়লা বৈশাখ। প্রথমটা তামিল জনজাতির, পরেরটা বাঙালির।
আজ আইপিএলের ময়দানে পুরনো বছরের গ্লানি মুছে নববর্ষের আবাহনে মাঠে নামবে দুই দল—কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। বড় নজর যে দিকেই হোক না কেন, আপাতত জয়ের সরণিতে ফিরতে মরিয়া দুই শিবির। চেন্নাই কিছুটা স্বস্তিতে। শেষ ম্যাচে সঞ্জু স্যামসনের ঝোড়ো সেঞ্চুরিতে উড়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। মরসুমের প্রথম জয় ছিনিয়ে নিয়েছে সিএসকে। আপাতত লক্ষ্য ধারাবাহিকতা বজায় রাখা।
অন্যদিকে কলকাতার একমাত্র টার্গেট খাতা খোলা। লখনউয়ের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া হয়ে রাহানেদের মনোবল এমনিতেই তলানিতে। আজ হারলে আইপিএল থেকে আগাম বিদায়ের সিলমোহর পড়ে যাবে। সব মিলিয়ে আক্ষরিক অর্থে চিপকে বাঁচা-মরার যুদ্ধ লড়তে নামবে নাইট বাহিনী।
দুই দলই চাপে, কিন্তু প্রেক্ষাপট আলাদা
টেবিলে অবস্থান কাছাকাছি হলেও মানসিকতায় বিস্তর ফারাক। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) অন্তত জয়ের স্বাদ পেয়েছে। দিল্লির বিরুদ্ধে সাফল্য ব্যাটিং ইউনিটে কিছুটা হলেও স্থিরতা এনেছে।
অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এখনও জয়হীন। বৃষ্টি না হলে চার ম্যাচের চারটিতেই খালি হাতে ফিরতে হত। যে কারণে লড়াই শুধু পয়েন্ট ছিনিয়ে আনা নয়, আত্মবিশ্বাস ফেরানোর দ্বৈরথ।
কলকাতার গলদ কোথায়?
ব্যাট হাতে কেকেআরের শুরুটা খারাপ হচ্ছে না। কিন্তু পাওয়ারপ্লের পরেই গতি কমছে আকস্মিক। স্পিনে আটকে যাচ্ছে মিডল অর্ডার। অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane), রিঙ্কু সিং (Rinku Singh), ক্যামেরন গ্রিন (Cameron Green)—দলে বড় মুখের কমতি নেই। কিন্তু ধারাবাহিকতা? সেটা আপাতত গঙ্গায় বিলীন! অন্যতম তারকা সুনীল নারিন (Sunil Narine) ব্যাট হাতে প্রভাব ফেলতে ব্যর্থ। বোলিংয়েও প্রশ্ন। বিশেষ করে ভরসার স্পিন-অস্ত্র ঠিক সময়ে আঘাত হানতে পারছে না।
চেন্নাইয়ের ভরসা স্যামসন, ধোনি অনিশ্চিত
চেন্নাই শিবিরের সমস্ত আলো আপাতত সঞ্জু স্যামসনের (Sanju Samson) দিকে। দিল্লির বিরুদ্ধে তাঁর সেঞ্চুরি দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) সঙ্গে ওপেনিং জুটি আজ গুরুত্বপূর্ণ হতে পারে। এমএস ধোনি (MS Dhoni) চোটের জন্য অনিশ্চিত। ফলে নেতৃত্ব ও ফিনিশিং—দুটো দায়িত্বই বাকিদের নিতে হবে। শিবম দুবে (Shivam Dube), ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) উপর নির্ভরতা বাড়ছে।
স্পিনই নির্ধারণ করবে ম্যাচ
চিপকের উইকেট সাধারণত স্পিন সহায়ক। ঘূর্ণি সামলানোই আসল লড়াই। কেকেআরের নারিন বনাম চেন্নাইয়ের দুবে—এই দ্বৈরথ ভাগ্য লিখে দিতে পারে। দুই দলই ব্যাটিংয়ে অনিশ্চিত। ফলে যারা মাঝের ওভার সামলাতে পারবে, তারাই থাকবে এগিয়ে।
নববর্ষের প্রাকলগ্নে ম্যাচ। কিন্তু হিসেব একটাই। ভুলের জায়গা নেই। চেন্নাই হারলে ছন্দপতন, কলকাতার পরাজয় বিস্ময় নয়… স্রেফ দুঃস্বপ্নের মরসুমের উপসংহারটুকু ঘনিয়ে আনবে।