প্রথম বলেই আউট বৈভব সূর্যবংশী! রাজস্থানের তরুণ ওপেনারের ব্যর্থতা নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট ইরফান পাঠানের। বড় বোলারদের বিরুদ্ধে ভালো খেললেও অচেনা পেসারের কাছে কেন হার মানলেন বৈভব? বিতর্ক তুঙ্গে। বিস্তারিত পড়ুন।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 14 April 2026 13:01
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে আলোচনার কেন্দ্রে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। বড় বোলারদের বিরুদ্ধে দাপুটে ব্যাটিং, অরেঞ্জ ক্যাপের দৌড়—গতরাতে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে নামার আগে সবই তাঁর পক্ষে ছিল। কিন্তু প্রথম ওভারেই বদলে গেল ছবি! অভিষেককারী জোরে বোলার প্রফুল্ল হিঙ্গের (Praful Hinge) পয়লা ডেলিভারিতে আউট হন তিনি। গোল্ডেন ডাক। খালি চোখে ‘অফ ডে’ বলে এড়িয়ে যাওয়াই যায়। কিন্তু বৈভবের সামান্য ব্যর্থতা বড় বিতর্ক ঘনিয়ে তুলেছে।
এই আউটের পর পুরনো পোস্ট সামনে আনেন ইরফান পাঠান (Irfan Pathan)। কয়েকদিন আগে তিনি প্রশ্ন তুলেছিলেন—বৈভব কি ইচ্ছে করেই বড় বড় বোলারকে টার্গেট করেন? জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), দীপক চাহারদের (Deepak Chahar) বিরুদ্ধে আগ্রাসী শট খেলেছেন বছর পনেরোর ব্যাটার। কিন্তু তুলনায় অচেনা-অনামা পেসারের বিরুদ্ধে প্রথম বলেই আউট। সেই প্রেক্ষিতে ইরফানের মন্তব্য—‘তাহলে আমার থিওরিতে কোনও ভুল ছিল না!’ আর এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
যদিও একতরফা নয় এই বিতর্ক। অনেকে পাল্টা যুক্তি দিয়েছেন। তাঁদের মতে, বৈভব বোলারের নাম দেখে ব্যাট করেন না। পরিস্থিতি অনুযায়ী দ্রুত রান তোলাই তাঁর মূল লক্ষ্য। তাই বড় বা ছোট—বোলার যেই হোন না কেন, আক্রমণই বৈভবের প্রথম পছন্দ। গতরাতের ম্যাচেও সেই মানসিকতা ছিল। শুধু অন্তিম ফলাফলটুকু তাঁর পক্ষে যায়নি।
So my theory for Vaibhav Suyanvanshi isn’t wrong ;)
— Irfan Pathan (@IrfanPathan) April 13, 2026
গোটা ঘটনার কেন্দ্রে প্রফুল্ল হিঙ্গে (Praful Hinge)। দ্বিতীয় বলে বৈভবকে ফেরানোর পর একই ওভারে আউট করেন ধ্রুব জুরেল (Dhruv Jurel) ও লুয়ান-দ্রে প্রিটোরিয়াসকে (Lhuan-dre Pretorius)। প্রথম ওভারে ঝুলিতে তিন উইকেট। এরপর আরও এক শিকার রিয়ান পরাগ (Riyan Parag)। দুরন্ত স্পেলে দ্রুত উইকেট খুইয়ে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) চাপে পড়ে যায়। স্কোরবোর্ডে ১/৩। কার্যত তখনই ম্যাচ গড়িয়ে যায় হায়দরাবাদের দিকে। এক বলের ঘটনা থেকে শুরু হয়ে এখন আলোচনায় বৈভবের ব্যাটিং পদ্ধতি আর ইরফানের তত্ত্ব।