মধ্যপ্রদেশের মান্ডলায় কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্প ঘিরে চাঞ্চল্য। একটি বাড়ি থেকে ৭৯৫টি কুকুরের প্রজনন অঙ্গ উদ্ধারের পর শুরু হয়েছে জালিয়াতির সন্দেহ ও প্রশাসনিক তদন্ত।

ফাইল ছবি
শেষ আপডেট: 14 April 2026 13:56
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের মান্ডলায় কুকুরের বন্ধ্যাত্বকরণ প্রকল্প ঘিরে এক চাঞ্চল্যকর ও সন্দেহজনক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। একটি ভাড়া বাড়ি থেকে ড্রামের মধ্যে সংরক্ষিত ৭৯৫টি কুকুরের যৌনাঙ্গ উদ্ধারের পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (Madhya Pradesh dog sterilisation scam)। প্রশাসনের আশঙ্কা, সরকারি প্রকল্পের টাকা হাতানোর জন্য বড় ধরনের প্রতারণা করা হয়ে থাকতে পারে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্ডলা (Mandla) জেলায়। স্থানীয় পুরসভা শহরের কুকুরদের বন্ধ্যাত্বকরণ (sterilisation) প্রকল্পের জন্য একটি টেন্ডার চেয়ে পাঠিয়েছিলেন। সেই টেন্ডারে প্রতি কুকুরের জন্য ৬৭৯ টাকা নির্ধারণ করা হয়। পরে এই কাজের দায়িত্ব পায় জবলপুরের একটি সংস্থা মা অম্বে এন্টারপ্রাইজ (Maa Ambe Enterprises)।
অভিযোগ অনুযায়ী, সংস্থাটি কাগজে-কলমে কাজ নেওয়ার পরও বাস্তবে একটি কুকুরেরও বন্ধ্যাত্বকরণ করেনি। একাধিক নোটিস দেওয়া হলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত ২ এপ্রিল তাদের সঙ্গে হওয়া চুক্তি বাতিল করে মান্ডলা পুরসভা।
এর মধ্যেই বিষয়টি নতুন মোড় নেয়। পশু অধিকার কর্মী নিশা সিং একটি ভাড়া বাড়িতে সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে প্রশাসনকে জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ, তহসিলদার, পশু চিকিৎসক এবং পুরসভার আধিকারিকদের নিয়ে একটি যৌথ দল গঠন করা হয়। এরপর ওই বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় দুটি ড্রামের ভিতর ফরমালিনে সংরক্ষিত অবস্থায় মোট ৭৯৫টি কুকুরের যৌনাঙ্গ উদ্ধার হয়। এর মধ্যে ৫১৮টি পুরুষ কুকুরের এবং ২৭৭টি স্ত্রী কুকুরের অঙ্গ ছিল বলে জানিয়েছে প্রশাসন (Mandla dog organs recovery)। এত বিপুল সংখ্যক অঙ্গ সংরক্ষিত অবস্থায় পাওয়া যাওয়ায় তদন্তকারীদের সন্দেহ আরও গভীর হয়েছে।
অভিযোগ উঠেছে, বাইরে থেকে সংগ্রহ করা এই অঙ্গগুলোকে বন্ধ্যাত্বকরণের প্রমাণ হিসেবে দেখিয়ে ভুয়ো বিল তৈরি করে সরকারি টাকা আত্মসাৎ করার পরিকল্পনা করা হয়েছিল (dog sterilisation corruption case)। তবে এই অভিযোগ এখনও তদন্তাধীন। পশু চিকিৎসক সুমিত প্যাটেল জানিয়েছেন, সাধারণভাবে বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়ায় পুরুষ কুকুরের ক্ষেত্রে অণ্ডকোষ এবং স্ত্রী কুকুরের ক্ষেত্রে ডিম্বাশয় ও জরায়ু অপসারণ করা হয়। কিন্তু এত বিপুল সংখ্যক অঙ্গ একসঙ্গে সংরক্ষিত অবস্থায় পাওয়া যাওয়া স্বাভাবিক প্রক্রিয়ার সঙ্গে মেলে না, যা গুরুতর প্রশ্ন তুলছে।
মান্ডলা পুরসভার মুখ্য কর্মকর্তা জানিয়েছেন, সংস্থাটিকে একাধিকবার সতর্ক করা হলেও তারা কাজ শুরু করেনি। পরে চুক্তি বাতিল করা হয় এবং ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। পুরো ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।