হেরেও আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান রয়্যালস! কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে এল বড় পরিবর্তন। হেনরিখ ক্লাসেন ও প্রসিদ্ধ কৃষ্ণের বর্তমান অবস্থানসহ পয়েন্ট টেবিলের বিস্তারিত আপডেট পড়ুন।

সবার নজরে প্রফুল্ল
শেষ আপডেট: 14 April 2026 16:25
দ্য ওয়াল ব্যুরো: এক ম্যাচেই বদলে গেল একাধিক সমীকরণ। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) জয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে বড়সড় পরিবর্তন। যদিও দুঃস্বপ্নের পরাজয় সত্ত্বেও টেবিলে শীর্ষস্থান ধরে রাখল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। পাঁচ ম্যাচে চার জয়, ঝুলিতে ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে রিয়ান পরাগরা। নেট রানরেটও তাঁরাই সেরা।
দ্বিতীয় স্থানে পঞ্জাব কিংস (Punjab Kings)। তিন নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এখনও জয়হীন—টেবিলের একেবারে নীচে।
কমলা টুপির হাতবদল
ম্যাচের সবচেয়ে বড় প্রভাব পড়েছে অরেঞ্জ ক্যাপের দৌড়ে। হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) উঠে এলেন শীর্ষে। ৫ ইনিংসে ২২৪ রান। দ্বিতীয় স্থানে ঈশান কিষাণ (Ishan Kishan)। তিনে নেমে গেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)—নেপথ্যে গোল্ডেন ডাকের ধাক্কা! ঠিক পেছনে রজত পাটিদার (Rajat Patidar) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। অর্থাৎ, এক ম্যাচেই গোটা ছবি পুরোপুরি বদলে গেল।
বেগুনি টুপিতেও একই ছবি
বোলারদের তালিকায় তেমন বড় পরিবর্তন হয়নি। প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) এখনও সবার উপরে। চার ম্যাচে ১০ উইকেট। দ্বিতীয় স্থানে রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। এরপর অংশুল কাম্বোজ (Anshul Kamboj), জোফ্রা আর্চার (Jofra Archer) ও প্রিন্স যাদব (Prince Yadav)। হায়দরাবাদের ম্যাচে চার উইকেট নিয়ে আলাদা করে নজর কাড়লেও তালিকার শীর্ষে উঠতে ব্যর্থ নতুন তারকা প্রফুল্ল হিঙ্গে (Praful Hinge) কিংবা সাকিব হুসেন (Sakib Hussain)।
প্রসঙ্গত, চলতি আইপিএলের সবচেয়ে আলোচিত খেলায় গতকাল রাজস্থানের ইনিংস ভেঙে পড়ে। প্রফুল্ল হিঙ্গে (Praful Hinge) প্রথম ওভারেই ছিনিয়ে নেন তিন উইকেট। এরপর সাকিব হুসেনের (Sakib Hussain) আঘাত। যার ফলে তিন ওভারে স্কোর ৯/৫। সেখান থেকে প্রত্যাবর্তন সম্ভব হয়নি। ডোনোভান ফেরেইরা (Donovan Ferreira) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) লড়াই চালান, কিন্তু তা ম্যাচ ঘোরাতে যথেষ্ট ছিল না।
আর এই এই ধস পয়েন্ট টেবিল, অরেঞ্জ ক্যাপ—সব জায়গায় প্রভাব ফেলল। এক ম্যাচই পরিষ্কার বুঝিয়ে দিল—আইপিএলে সমীকরণ বদলাতে বেশি সময় লাগে না।