মঙ্গলবার রায়গঞ্জের জনসভা থেকে লোকসভার বিরোধী দলনেতা স্পষ্ট জানিয়ে দিলেন, তৃণমূলের ভুল নীতি আর দুর্নীতির কারণেই বাংলায় পা রাখার সুযোগ পেয়েছে বিজেপি (BJP)। তাঁর কথায়, “বাংলায় বিজেপির বাড়বাড়ন্তের জন্য দায়ী মমতাই।”

মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী ও প্রিয়রঞ্জন দাসমুন্সি
শেষ আপডেট: 14 April 2026 14:06
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের রাজনীতির অবিসংবাদিত নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির (Priya Ranjan Dasmunsi) স্মৃতিকে হাতিয়ার করেই এ বার বাংলায় বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) প্রচার শুরু করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবার রায়গঞ্জের জনসভা থেকে লোকসভার বিরোধী দলনেতা স্পষ্ট জানিয়ে দিলেন, তৃণমূলের ভুল নীতি আর দুর্নীতির কারণেই বাংলায় পা রাখার সুযোগ পেয়েছে বিজেপি (BJP)। তাঁর কথায়, “বাংলায় বিজেপির বাড়বাড়ন্তের জন্য দায়ী মমতাই।”
‘মোদানি’ ও কর্পোরেট তোপ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আক্রমণ করতে গিয়ে রাহুল এ দিন ফের ‘আদানি’ প্রসঙ্গ টেনে আনেন। তাঁর অভিযোগ, দেশের অর্থনীতি এখন একটি নির্দিষ্ট কর্পোরেট গোষ্ঠীর হাতে বন্দি। রাহুল বলেন, “নরেন্দ্র মোদী ভারতকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন। এখন আর শুধু আদানি সংস্থা নেই, সবটাই ‘মোদানি’— অর্ধেক আদানি, অর্ধেক মোদী।” এমনকি সংসদে মোদী তাঁর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না বলেও দাবি করেন রাহুল।
‘বিজেপির রাস্তা করে দিয়েছেন মমতাই’
বাংলার শাসকদলকে বিঁধতে রাহুল এ দিন বিন্দুমাত্র রেয়াত করেননি। তাঁর অভিযোগ, রাজ্যে কলকারখানা বন্ধ হওয়ার দায় মুখ্যমন্ত্রীর। রাহুল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় শিল্প শেষ করে দিয়েছেন। তিনি ৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর এখন ৮৪ লক্ষ মানুষ বেকার ভাতার জন্য লাইন দিয়েছেন।” রাহুলের দাবি, তৃণমূল যদি রাজ্যে সুশাসন দিতে পারত এবং হিংসা না ছড়াত, তবে বাংলায় বিজেপির চিহ্ন দেখা যেত না কোনও দিন।
উত্তরবঙ্গের মানুষের কাছে প্রিয়রঞ্জন দাশমুন্সি এখনও এক আবেগের নাম। সেই আবেগকে ছুঁয়ে রাহুল বলেন, “আমি হলফ করে বলতে পারি, আজ যদি প্রিয়দা বেঁচে থাকতেন, তবে বাংলায় আজ কংগ্রেসের সরকার থাকত এবং তিনিই হতেন মুখ্যমন্ত্রী।” রায়গঞ্জ ও কালিয়াগঞ্জের আধুনিকায়নে প্রিয়রঞ্জনের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বুঝিয়ে দেন, কংগ্রেসই উত্তরবঙ্গের উন্নয়নের প্রকৃত কাণ্ডারি।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জনসভাগুলোর প্রসঙ্গ টেনে রাহুল টিপ্পনী কাটেন, “মোদীজি এখন বাংলায় ঘুরে বেড়াচ্ছেন। ওঁর মুখ দেখেছেন? হাওয়া বেরিয়ে গেছে। সংসদে আমাকে চুপ করানোর জন্য উনি অমিত শাহকে ইশারা করেন, কিন্তু পারেন না।” আরএসএস ও বিজেপির চিন্তাধারা সংবিধানকে ধ্বংস করছে বলেও এ দিন সতর্ক করেন তিনি।