ভাইরাল হওয়া সেই পোস্টে দাবি করা হয়, রাজ্যের শাসকদলের কাজ নিয়ে নাকি অসন্তুষ্ট অভিনেতা। শুধু তাই নয়, সেখানে আরও লেখা হয়, বাম আমলের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য ( Buddhadeb Bhattacharjee)-কে তিনি বেশি পছন্দ করেন এবং জ্যোতি বসু (Jyoti Basu)-কেই শ্রেষ্ঠ মনে করেন।
.jpeg.webp)
শেষ আপডেট: 14 April 2026 12:00
দ্য ওয়াল ব্যুরো: বাংলা সিনেমার জনপ্রিয় মুখ জিৎ (Jeet) বরাবরই নিজেকে রাজনীতির বাইরে রেখেছেন। পর্দার বাইরের জীবনে তিনি যতটা সংযত, ততটাই সচেতন তাঁর বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিয়েও। বিশেষ করে রাজনৈতিক বিষয় থেকে নিজেকে বরাবরই সরিয়ে রাখেন জিৎ। এদিকে যখন রাজ্যে ভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে, তখনই তাঁর নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এক বিতর্কিত পোস্ট—যা নিয়ে শুরু হয় জোর জল্পনা।
ভাইরাল হওয়া সেই পোস্টে দাবি করা হয়, রাজ্যের শাসকদলের কাজ নিয়ে নাকি অসন্তুষ্ট অভিনেতা। শুধু তাই নয়, সেখানে আরও লেখা হয়, বাম আমলের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য ( Buddhadeb Bhattacharjee)-কে তিনি বেশি পছন্দ করেন এবং জ্যোতি বসু (Jyoti Basu)-কেই শ্রেষ্ঠ মনে করেন। রাজনৈতিক আবহে এই স্পর্শকাতর মন্তব্য ঘিরে দ্রুতই ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। অনেকেই জিৎ-এর নামের পাশে রাজনৈতিক রঙ লাগিয়ে দিতে শুরু করেন।
তবে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই নিজেই সামনে এসে বিষয়টি খণ্ডন করেন জিৎ (Jeet)। সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ভাষায় তিনি জানান, তাঁর নামে যে মন্তব্যটি ঘুরছে, তার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। সেটি সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর বলেই দাবি করেন অভিনেতা।
নিজের অবস্থান পরিষ্কার করে তিনি আরও লেখেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, অতীতে কখনও কারও হয়ে প্রচারও করেননি। রাজনীতি নিয়ে মন্তব্য করা তাঁর স্বভাবের মধ্যেই পড়ে না বলেও ইঙ্গিত দেন তিনি। বরাবরের মতোই অভিনয় এবং নিজের পেশাগত কাজ নিয়েই থাকতে চান বলেই জানিয়েছেন।
একইসঙ্গে তিনি সাধারণ মানুষকে সতর্ক করে অনুরোধ করেছেন, যাচাই না করে এ ধরনের খবর ছড়িয়ে না দিতে। কারণ এ ধরনের ভুয়ো তথ্য সহজেই বিভ্রান্তি তৈরি করতে পারে।
কে বা কারা এই পোস্টটি ছড়িয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ভোটের মতো স্পর্শকাতর সময়ে একজন জনপ্রিয় অভিনেতার নাম ব্যবহার করে জনমনে ভুল বার্তা ছড়ানোর চেষ্টা যে হয়েছিল, তা কার্যত নস্যাৎ করে দিয়েছেন জিৎ নিজেই।