আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে ধীরে ধীরে। সর্বনিম্ন পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শনিবারের মধ্যেই এই পরিবর্তন চোখে পড়বে বলে ইঙ্গিত।

ফাইল ছবি
শেষ আপডেট: 12 February 2026 09:19
দ্য ওয়াল ব্যুরো: ভোরের কুয়াশা আর হিমেল হাওয়ায় এখনও শীতের ছোঁয়া স্পষ্ট (West Bengal Weather Update)। কলকাতা থেকে জেলা - সকালের শুরুটা কনকনে ঠান্ডাতেই হচ্ছে। তবে আবহাওয়াবিদদের মতে, এ যেন বিদায়ের আগে শীতের শেষ প্রদর্শনী। আর কয়েকদিনের মধ্যেই ছবিটা বদলাতে চলেছে গোটা রাজ্যজুড়ে (West Bengal Weather)।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে ধীরে ধীরে। সর্বনিম্ন পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শনিবারের মধ্যেই এই পরিবর্তন চোখে পড়বে বলে ইঙ্গিত।
রাতের ঠান্ডা অনেকটাই কমবে, দিনের তাপমাত্রাও বাড়বে ক্রমশ। উত্তুরে হাওয়ার প্রভাব কমে যাওয়ায় শীতের তীব্রতা আর আগের মতো থাকবে না।
জেলার আবহাওয়া
কলকাতা-সহ হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে দফতর। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা দিতে পারে, তবে ঘন কুয়াশার সম্ভাবনা কম।
উত্তরবঙ্গেও একই প্রবণতা। আগামী তিন দিনের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সেখানেও বৃষ্টির পূর্বাভাস নেই। পাহাড় ও ডুয়ার্সে সকালে কুয়াশার প্রভাব কিছুটা থাকতে পারে, তবে সারাদিনের আবহাওয়া থাকবে শুষ্ক।
আবহাওয়ার বদল
হাওয়া অফিসের মতে, ১৪ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আরও স্পষ্ট হবে। বিশেষ করে দক্ষিণবঙ্গে উষ্ণতার মাত্রা উত্তরবঙ্গের তুলনায় দ্রুত বাড়তে পারে। অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে থেকেই শীত কার্যত বিদায়ের পথে হাঁটবে।
সব মিলিয়ে, কনকনে ঠান্ডার বদলে সামনে অপেক্ষা করছে তুলনামূলক স্বস্তিকর আবহাওয়া। আগামী দিনগুলিতে শীতের কামড় অনেকটাই শিথিল হবে বলেই পূর্বাভাস।