ভোর ৫টায় মিটিং, ৫টা ৩০ পর্যন্ত কাজ! ৮০ পেরিয়েও কাজ না থাকাকেই সবচেয়ে ‘ভয়ঙ্কর’ বলছেন অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন
শেষ আপডেট: 11 February 2026 23:52
দ্য ওয়াল ব্যুরো: অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই অন্ক কিছু শেয়ার করেন। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত আপডেট, সবই তিনি নিয়মিত ভাগ করে নেন তাঁর ইনস্টাগ্রাম ব্লগে। সম্প্রতি এমনই এক ব্লগপোস্টে বিগ বি জানিয়েছেন, স্বাভাবিক সময়ের থেকেও আগে এখন কাজ শুরু করতে হচ্ছে তাঁকে। একের পর এক মিটিংয়ের চাপে ভোরবেলাতেই দিন শুরু করতে বাধ্য হচ্ছেন তিনি।
ব্লগে তিনি লিখেছেন, “এই লেখাটা খুব ভোরে লিখছি, কারণ আমার কিছু মিটিং ছিল খুব সকালে। সেই কারণেই সময়টা এগিয়ে আনতে হয়েছে।” নিজের কেরিয়ারের শুরুর দিনের কথা মনে করেও তিনি জানিয়েছেন, নিষ্ঠা আর পরিশ্রমই তাঁকে বারবার সাফল্যের মুখ দেখিয়েছে। কাজের মধ্যে ডুবে থাকার গুরুত্ব তিনি ভালভাবেই বোঝেন।
বিগ বি আরও লেখেন, “কঠোর পরিশ্রম ধীরে ধীরে ফল দিচ্ছে। আশা করি কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারব। এটা খুব গুরুত্বপূর্ণ... কাজ না থাকাটা এক ভয়ঙ্কর অনুভূতি। তাই কাজ চালিয়ে যেতে হবে।” তাঁর কথায় স্পষ্ট, কাজই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রেরণা।
প্রসঙ্গত, সম্প্রতি তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম সিজন সঞ্চালনা করছিলেন। সেই অভিজ্ঞতার কথাও উঠে এসেছে তাঁর লেখায়। তিনি বলেন, “কখনও কখনও আমরা কোনও মুহূর্ত এত গভীরভাবে উপভোগ করি যে শেষের দিকে এসে মনে হয়, সবকিছু যেন সবে শুরু হয়েছিল। অথচ হঠাৎ করেই শেষ হয়ে যায়। মনে হয় যেন সবকিছু গতকালই ঘটেছে। আজ আমি এই খেলার শেষ দিনে দাঁড়িয়ে। জীবনের এক-তৃতীয়াংশ সময় আমি এই শো-কে দিয়েছি। এর জন্য আমি কৃতজ্ঞ।”
কয়েক মাস আগেও নিজের কাজের সময়সূচি নিয়ে লিখেছিলেন অমিতাভ। জানিয়েছিলেন, ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত কাজ করেছেন তিনি। তাঁর ভাষায়, “আমি ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত কাজ করছিলাম এবং ভুলে গিয়েছিলাম যে একটি গুরুত্বপূর্ণ ব্লগ লেখা বাকি আছে, সবার উত্তর দেওয়াও বাকি। সে জন্য ক্ষমাপ্রার্থী। অনুশোচনা আছে, কিন্তু কাজের জন্য কোনও অনুশোচনা নেই।”
সিনেমার পর্দায় অমিতাভ বচ্চনকে শেষ দেখা গিয়েছে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং কমল হাসান। বর্তমানে খবর, তাঁকে ‘সেকশন ৮৪’ ছবিতে দেখা যাবে। যদিও সেই ছবির মুক্তির তারিখ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।