পিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! চুক্তিভঙ্গের দায়ে জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দু'বছরের জন্য সাসপেন্ড করল পাকিস্তান সুপার লিগ। মুস্তাফিজুরের বদলি হিসেবে কেকেআরে যোগ দিয়ে পড়েছেন বিপাকে। বিস্তারিত পড়ুন।

ব্লেসিং মুজারাবানি
শেষ আপডেট: 14 April 2026 18:15
দ্য ওয়াল ব্যুরো: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চুক্তি ভাঙার কড়া মাশুল গুনলেন জিম্বাবোয়ের (Zimbabwe) পেসার ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani)। তাঁকে দু’বছরের জন্য সাসপেন্ড করল পাকিস্তান সুপার লিগ (PSL)। কারণ একটাই—চলতি মরসুমে পিএসএলের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তিনি আইপিএলে (IPL) খেলতে যান। নিয়ম ভাঙার শাস্তি বাবদ নামল সাসপেনশনের খাঁড়া।
নিলামে অবিক্রিত থাকার পর ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United) তাঁকে রিপ্লেসমেন্ট হিসেবে নেয়। কিন্তু সেই চুক্তি ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) যোগ দেন মুজারাবানি। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) বদলি হিসেবে জিম্বাবোয়ের পেসারকে সই করায় কেকেআর। রাজনৈতিক পরিস্থিতির জেরে মুস্তাফিজুরের চুক্তি আগেই বাতিল করেছিল ফ্র্যাঞ্চাইজি।
কেকেআরের হয়ে ইতিমধ্যে দুটো ম্যাচ খেলেছেন মুজারাবানি। দলের অবস্থা বেহাল হলেও তিনি বিশ্বকাপের ছন্দই ধরে রেখেছেন। কিছুদিন আগে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ৪ উইকেট ছিনিয়ে নজর কাড়েন। অর্থাৎ, পারফরম্যান্সে কোনও ঘাটতি নেই। যদিও মাঠের বাইরের সিদ্ধান্ত এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
পিএসএলের বিবৃতিতে সরাসরি বলা হয়েছে, পেশাদার ক্রিকেটে স্বচ্ছতা ও দায়বদ্ধতা জরুরি। একদিকে চুক্তি হাতে রেখে অন্যদিকে নতুন লিগে যোগ দেওয়া নিয়মভঙ্গ। এই আচরণ ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি ও বোর্ডের মধ্যে আস্থা নষ্ট করতে পারে। তাই এই কঠোর সিদ্ধান্ত। একই কারণে আগেও দক্ষিণ আফ্রিকার (South Africa) করবিন বশকে (Corbin Bosch) এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এবার ভুক্তভোগী মুজারাবানি।
আপাতত আরও কয়েকজন ক্রিকেটারের উপর নজর রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কপাল পুড়তে পারে দাসুন শনকা (Dasun Shanaka) ও স্পেন্সার জনসনের (Spencer Johnson)। ভবিষ্যতে আরও শাস্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মুজারাবানিকে সামনে রেখে স্পষ্ট বার্তা দিয়েছে পিএসএল—চুক্তির বাইরে গেলে শাস্তি পেতেই হবে।