শেন ওয়ার্নের মৃত্যুর চার বছর পর বিতর্কিত মন্তব্য করলেন তাঁর ছেলে জ্যাকসন ওয়ার্ন। বাবার হার্ট অ্যাটাকের পেছনে কোভিড ভ্যাকসিনের ভূমিকা থাকতে পারে বলে দাবি করে নতুন প্রশ্ন উসকে দিলেন তিনি। বিস্তারিত পড়ুন।

শেন ওয়ার্ন
শেষ আপডেট: 14 April 2026 17:56
দ্য ওয়াল ব্যুরো: চার বছর আগে হঠাৎ মৃত্যু। এখনও রহস্য, এখনও প্রশ্ন। সেই আবহে নতুন করে বিতর্ক তৈরি করলেন শেন ওয়ার্নের (Shane Warne) ছেলে জ্যাকসন ওয়ার্ন (Jackson Warne)। তাঁর দাবি, কিংবদন্তি লেগস্পিনারের হার্ট অ্যাটাকের পিছনে কোভিড ভ্যাকসিনের ভূমিকা থাকতে পারে। অতিসম্প্রতি একটি পডকাস্টে তিনি এই মন্তব্য করেছেন।
জ্যাকসনের বক্তব্য, কাজের প্রয়োজনে তাঁর বাবাকে একাধিক কোভিড ভ্যাকসিন নিতে হয়। বলেন, ‘তিন-চারটা ডোজ নিয়েছিল। না চাইলেও বাধ্যত নেয়!’ জ্যাকসনের ধারণা, এই ভ্যাকসিনই শরীরের জটিল সমস্যাকে সামনে নিয়ে আসে। যদিও পাশাপাশি তিনি স্বীকার করেছেন, ওয়ার্নের কিছু শারীরিক সমস্যা আগে থেকেই ছিল।
মৃত্যুর খবর পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়াও জানিয়েছেন জ্যাকসন। তাঁর কথায়, ‘আমি ফোন কেটে দেওয়ার পরই সরকার, কোভিড আর ভ্যাকসিনকে দোষ দিয়েছিলাম।’ এমনকি স্মরণসভায় এই মত প্রকাশ করার কথা ভেবেছিলেন তিনি। পরে অবশ্য অহেতুক বিতর্কের কথা ভেবে সরে আসেন।
শেন ওয়ার্নের জীবনযাপন নিয়েও অকপট জ্যাকসন। তাঁর মতে, ধূমপান ও মদ্যপান থাকলেও তাঁর বাবা মোটের উপর সুস্থ ছিলেন। ‘ভাল ছিল, খুশি ছিল। আগের থেকে অনেক ফিট লাগছিল!’—দাবি জ্যাকসনের। অনেক মানুষ বেশি বয়সেও একই অভ্যাস নিয়ে বেঁচে থাকেন, বক্তব্যের সমর্থনে যুক্তি ওয়ার্ন-পুত্রের।
২০২১ সালে ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ (The Hundred) টুর্নামেন্টে কোচিংয়ের সময় কোভিডে আক্রান্ত হন শেন ওয়ার্ন। তবে মৃত্যুর সময় তাঁর বড় কোনও অসুখের জানা যায়নি। ২০২২ সালে থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বয়স হয়েছিল ৫২।
বিতর্ক বাড়াল মন্তব্য, প্রমাণ নেই স্পষ্ট। জ্যাকসনের এই মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে এখনও পর্যন্ত কোনও সরকারি বা চিকিৎসা সংস্থা ভ্যাকসিনের সঙ্গে ওয়ার্নের মৃত্যুর সরাসরি সম্পর্কের কথা সামনে আনেনি। ফলে গোটা ইস্যু মতামতের স্তরেই রয়েছে। চার বছর পর প্রয়াত তারকার ছেলের সাম্প্রতিক মন্তব্য—যা ফের টেনে এনেছে পুরনো প্রশ্ন—শেন ওয়ার্নের মৃত্যুর প্রকৃত কারণ আসলে কী?