দলের বোলারদের প্রধান মুখ কে হবেন এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun) বাজি রাখছেন কোন সিমার নয়, বদলে একজন স্পিনারের উপর। তিনি কুলদীপ যাদব (Kuldeep Yadav)৷

কুলদীপ ও ভরত
শেষ আপডেট: 8 June 2025 11:04
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের (England) বাইশ গজ কোনওকালেই স্পিনারদের স্বর্গরাজ্য নয়। পিচে তেমন ঘূর্ণি থাকে না। পেসার, সিমাররাই বরাবর দাপট দেখিয়ে এসেছেন।
যদিও এই ট্র্যাডিশনে বদল এনেছিলেন যিনি, তাঁর নাম শেন ওয়ার্ন (Shane Warne)। বরাবর ইংল্যান্ডের জমিতে দাপটের সঙ্গে খেলেছেন। উইকেট নিয়েছেন। হয়ে উঠেছেন বিপক্ষের ত্রাস, দলের তুরুপের তাস।
টিম ইন্ডিয়া (Team India) আপাতত ইংল্যান্ড সফরে (England Tour)। দলের প্রধান বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সুস্থ হয়ে উঠলেও সিরিজের পাঁচটি টেস্টে খেলবেন না। সবচেয়ে বেশি তিনটি ম্যাচ খেলবেন। একথা আগেই জানান প্রধান নির্বাচক অজিত আগারকর (Ajit Agarkar) ও কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
সেক্ষেত্রে দলের বোলারদের প্রধান মুখ কে হবেন এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun) বাজি রাখছেন কোন সিমার নয়, বদলে একজন স্পিনারের উপর। তিনি কুলদীপ যাদব (Kuldeep Yadav)৷ তাঁকে সামনে রেখেই প্রতিযোগিতা জিততে পারে ভারত। শুধু তাই নয়। কুলদীপকে কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের সঙ্গেও তুলনা করেছেন তিনি।
ভরত বলেছেন, ‘রিস্ট স্পিনাররা বরাবর কার্যকরী। বিশেষ করে ইংল্যান্ডে। এমনকি ইনিংসের শুরুতে, যখন ক্রিজ একটু স্যাঁতসেঁতে থাকে, তখনও উইকেট থেকে সুবিধা পান রিস্ট স্পিনাররা। তা ছাড়া পিচের রুক্ষতারও ফায়দা নেন। যদিও তাজে কাজে লাগানো একটা আলাদা শিল্প।’
এরপরই অবধারিতভাবে চলে আসে শেন ওয়ার্নের প্রসঙ্গ। ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদারের সঙ্গে ওই অন্তরঙ্গ আলাপচারিতায় অরুণ যোগ করেন, ‘বিষয়টা শুধুমাত্র বোলিং নিয়ে নয়৷ এই প্রসঙ্গে যার কথা আপনা-আপনি মনে আসে তিনি শেন ওয়ার্ন। আমার মতে, কুলদীপের মধ্যে ইংল্যান্ডে সফল হওয়ার যথেষ্ট মশলা রয়েছে।’
কিন্তু ভারতীয় দলের বাকি বোলিং অ্যাটাক? ভরতের মতে, টিম ইন্ডিয়ার বোলাররা সামগ্রিকভাবে অনভিজ্ঞ হলেও তাঁদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ আর সেই সম্ভাবনাকে সামনে বের করে আনার, কাজে লাগানোর দায়িত্ব যাঁর কাঁধে, তিনি কুলদীপ।