পড়শিরা জানিয়েছেন, রমেশ মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যেই তুমুল অশান্তি করতেন ঘরে। তবে এমন ঘটনা ঘটবে তা স্বপ্নেও ভাবেননি তাঁরা।

গ্রামে পৌঁছল পুলিশ
শেষ আপডেট: 22 August 2025 12:04
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: স্ত্রীকে খুন করে তাঁর ফুসফুস নিয়ে গ্রামে ঘুরে বেড়াল স্বামী। শুক্রবার সকালে হাড়হিম ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়ির ব্যাঙকান্দি গ্রামে। মৃতের নাম দীপালি রায় (৪৫)। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই নিখোঁজ ওই মহিলার স্বামী রমেশ রায়।
পুলিশসুত্রে জানা গেছে, ময়নাগুড়ি গ্রামপঞ্চায়েতের অন্তর্গত ব্যাঙকান্দি গ্রামের বাসিন্দা রমেশ রায়। ওই দম্পতির এক ছেলে ও এক মেয়ে। ছেলে ভিনরাজ্যে কাজ করে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। স্ত্রী দীপালিকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন তিনি। পড়শিরা জানিয়েছেন, রমেশ মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যেই তুমুল অশান্তি করতেন ঘরে। তবে এমন ঘটনা ঘটবে তা স্বপ্নেও ভাবেননি তাঁরা।
শুক্রবার সকালে একটি ব্যাগে করে স্ত্রীর ফুসফুস নিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরতে দেখা যায় তাঁকে। আতঙ্কিত গ্রামবাসীরা পুলিশকে খবর দেন। এক প্রতিবেশী বলেন, "তখনও ভাল করে ভোরের আলো ফোটেনি। আচমকা রমেশ এসে একটা ব্যাগ খুলে ফুসফুসটি বার করে । সেই দৃশ্য দেখে আমরা ভয়ে ছিটকে যাই। ততক্ষণে রমেশ ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। আমাদের সন্দেহ হওয়ায় ওর বাড়ির দিকেই যাই। প্রথমে অন্ধকারে ঘরের ভিতর কিছু দেখা যাচ্ছিল না। পরে টর্চ মেরে দেখি খাটের উপর দিপালীর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে আমরা ঘটনাটা প্রধানকে জানাই। "
গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলীমা রায় জানান, "গ্রামবাসীদের থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আমি পুলিশকে খবর দেই। যারা যারা সেই দৃশ্য দেখেছেন, তারা ভয়ে সিঁটিয়ে রয়েছেন।" ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান, অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি চলছে। সমস্ত দিক খতিয়ে দেখছেন তাঁরা।