জয়েন্টের ফলপ্রকাশ এবং মেডিক্যালে ভর্তিতে কাটল ওবিসি জট। প্রথমে জয়েন্টের ফল প্রকাশের তারিখ ধার্য ছিল ৭ অগস্ট। কিন্তু ওবিসি শংসাপত্র সংক্রান্ত জটিলতায় সেই প্রক্রিয়া আটকে যায়।

সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 22 August 2025 11:52
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ফলে জয়েন্টের ফলপ্রকাশ (WBJEE Result) এবং মেডিক্যালে ভর্তিতে কাটল ওবিসি জট। জয়েন্ট এন্ট্রান্স ফলপ্রকাশে আপাতত কোনও বাধা থাকল না।
প্রথমে জয়েন্টের ফল প্রকাশের তারিখ ধার্য ছিল ৭ অগস্ট। কিন্তু ওবিসি শংসাপত্র সংক্রান্ত জটিলতায় সেই প্রক্রিয়া আটকে যায়। বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ মেধাতালিকা বাতিল করে নতুন তালিকা তৈরির নির্দেশ দেন। সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে মামলা গেছে সুপ্রিম কোর্টে। সেই রায়েই স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।
বুধবার জয়েন্ট এন্ট্রান্সের (WBJEE Result Date) ফলাফল প্রকাশে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) একক বেঞ্চের নির্দেশের ওপরে হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। জানানো হয়, একক বেঞ্চ ইতিমধ্যেই ফল প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছে। একইসঙ্গে বিষয়টি সুপ্রিম কোর্টেও বিচারাধীন। ঠিক ২৪ ঘণ্টা পরই সুপ্রিম কোর্ট তার নির্দেশ দিল।
২০১১ সালের আগে ওবিসি সংরক্ষণের নীতির উপরে ভিত্তি করেই জয়েন্টের ফলপ্রকাশ করতে হবে, এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে রাজ্য সরকার চাইছিল নতুন ওবিসি সংরক্ষণের নীতিতে ফলপ্রকাশ করা হোক। এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, শুরু হয়েছিল রাজনৈতিক তরজাও। ফলত, অনিশ্চয়তার মধ্যে পড়েছি লক্ষ লক্ষ পডুয়ার ভবিষ্যৎ। তবে শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশ আপাতত পড়ুয়াদের স্বস্তি দিল।
কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ জানিয়েছিল, ২০১০ সালের আগে চিহ্নিত ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই মেধাতালিকা তৈরি করতে হবে এবং ১৫ দিনের মধ্যে সেই নির্দেশ কার্যকর করতে হবে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল - ওবিসি ছাত্রছাত্রীদের জন্য পূর্বের মতো ৭ শতাংশ সংরক্ষণই বলবৎ থাকবে, এবং নতুন তালিকা মেনে কোনও মেধাতালিকা প্রকাশ করা যাবে না। ২০১০ সালের আগের তালিকা অনুযায়ীই নতুন মেধাতালিকা প্রস্তুত করতে হবে। এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার।