চলতি বছর বর্ষার মধ্যেই পড়েছিল দুর্গাপুজো। তার সঙ্গে নিম্নচাপের ভ্রূকুটি পুজো কদিন ভিজিয়েছে মণ্ডপ, রাস্তা।

ফাইল ছবি
শেষ আপডেট: 2 October 2025 11:41
দ্য ওয়াল ব্যুরো: আজ দশমী (Dashami)। খাতায়-কলমে এই বছরের মতো পুজো (DurgaPuja2025) শেষ। আবার এক বছরের জন্য অপেক্ষা করতে হবে দুর্গা মায়ের জন্য। তাই মন খারাপ বাঙালির। তবে ইতিমধ্যে আগামী বছরের দুর্গাপুজো (Durga Puja 2026) নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। ২০২৬ সালেও কি বর্ষার মধ্যেই পড়েছে পুজো, নাকি রেহাই মিলবে বৃষ্টি থেকে?
নির্ঘণ্ট অনুযায়ী, আগামী বছর মহালয়া পড়ছে ১০ অক্টোবর, শনিবার। অর্থাৎ সেই দিন থেকেই শুরু হবে দেবীপক্ষ। ঠিক এক সপ্তাহ পর ১৭ অক্টোবর, শনিবার ষষ্ঠী। মহালয়া থেকে পুজো মণ্ডপ উদ্বোধন হলেও খাতায়-কলমে বোধন ও নানা আচার পালনের মধ্য দিয়ে সেদিন থেকেই শুরু হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব।
এরপর ১৮ অক্টোবর, রবিবার সপ্তমী ১৯ অক্টোবর, সোমবার মহা অষ্টমী, ২০ অক্টোবর, মঙ্গলবার নবমী। সবশেষে, ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী। দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালির পাঁচ দিনের উৎসব। সিঁদুরখেলা, প্রণাম আর মিষ্টিমুখের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়বে বিজয়ার আবহ।
চলতি বছর বর্ষার (Rainy Season) মধ্যেই পড়েছিল দুর্গাপুজো। তার সঙ্গে নিম্নচাপের ভ্রূকুটি পুজো কদিন ভিজিয়েছে মণ্ডপ, রাস্তা। তবে ২০২৬ সালে এমন পরিস্থিতি সৃষ্টি নাও হতে পারে। কারণ, ওই সময়ের আগেই বর্ষা বিদায় নেওয়ার কথা। নতুন করে নিম্নচাপ তৈরি না হলে আগামী বছর পুজোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে।
যদিও চলতি বছর বৃষ্টি হলেও প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড়ে কোনও ভাঁটা পড়েনি। অষ্টমী-নবমীতে কলকাতার (Kolkata) বেহালা থেকে সল্টলেক, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড় ছিল চোখে পড়ার মতো। কোথাও কোথাও ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে (Kolkata Police)। মাঝরাতের পর অনেকাংশে বৃষ্টি শুরু হলেও রাস্তার চাপ কমেনি। বরং ভোর পর্যন্ত কার্যত একই ভিড় ছিল রাস্তায়। দশমীর সকাল থেকেও শহরের নানা অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে। তাই ধীরে ধীরে প্যান্ডেল থেকে মানুষের ভিড়ও কিছুটা কমতে শুরু করেছে।