আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শুক্রবার রাত থেকেই নেমে গেল পারদ। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমেছে।

আবহাওয়া
শেষ আপডেট: 8 November 2025 10:41
দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই অবশেষে সপ্তাহ শেষে পারদ পতন শুরু হল। শুক্রবার রাত থেকে কলকাতা শহরে তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাওয়ায় শীতের আগমনী অনুভব করছেন শহরবাসী। আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে, আগামী দিনগুলিতে তাপমাত্রা পতনের এই ধারা আরও জোরদার হবে।
বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাতে তা প্রায় সাড়ে তিন ডিগ্রি কমে এসে দাঁড়িয়েছে ২১.৬ ডিগ্রি সেলসিয়াসে। রাতের পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমেছে। শুক্রবার সকালে গড় তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ছিল ৩১.১ ডিগ্রি।
আবহাওয়ার 'রান রেট' অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে। অনুমান করা হচ্ছে, আগামী সোমবার রাতের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। জেলাভেদে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। গত চার দিনে পুরুলিয়া জেলায় তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস কমে শুক্রবার ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের বাকি জেলাগুলিতেও আগামী সপ্তাহে তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও ইতিমধ্যেই তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আগামী কয়েকদিন সেখানে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আবহাওয়া মেঘমুক্ত থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরের পার্বত্য জেলাগুলিতে রবিবারের মধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে। সমতল অঞ্চলের তাপমাত্রাও ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
এ বছর দেশে দীর্ঘমেয়াদি শীতকাল আসার সম্ভাবনা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই মতোই নভেম্বর পড়তেই ঠান্ডা পড়তে শুরু করেছে। তবে, নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে তাপমাত্রার পতন সাময়িকভাবে কিছুটা বাধা পেতে পারে। কিন্তু সেই বাধা কেটে গেলেই দেশ জুড়ে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল।