শনিবার সকালে হাওড়ার বাঁকড়া বাদামতলার জামাকাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে দোকান, এলাকায় চাঞ্চল্য।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 November 2025 10:29
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে হাওড়ার বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাঁকড়া বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
জানা যায়, এ দিন সকালে মার্কেটটির একতলায় অবস্থিত একটি দোকান থেকে স্থানীয় বাসিন্দারা দাউ দাউ করে ধোঁয়া বের হতে দেখেন। এর পরেই তাঁরা দ্রুত দোকানটি খোলার ব্যবস্থা করেন। দোকানের ভেতরে ঢুকে দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে দোকানের মধ্যে থাকা বিভিন্ন জিনিসপত্র।
যেহেতু ওই বাজারে একাধিক দোকান কাছাকাছি রয়েছে, তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিলেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক দেখে প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। একইসঙ্গে খবর দেওয়া হয় দমকল দফতরে।
দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেছেন। তবে প্রাথমিক ভাবে জামাকাপড়ের দোকানটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার ১০টা নাগাদ লালবাজারের কাছে আরএন মুখার্জি রোডের একটি গুদামে এই আগুন লাগে। জানা গিয়েছে, গুদামটি গাড়ির যন্ত্রাংশ মজুত করা ছিল। শুধু তাই নয়, একাধিক দাহ্য পদার্থ মজুত করা ছিল বলেও দাবি দমকল আধিকারিকদের। আগুন মুহূর্তে ভয়ংকর আকার নেয়। ধোঁয়ায় ভরে যায় চারপাশ। শুধু তাই নয়, বিভিন্ন রাসায়নিক রাখা ছিল বলেও অনুমান।