সন্ধে হতেই কলকাতায় বৃষ্টি শুরু। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী, ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।

আবহাওয়া
শেষ আপডেট: 6 April 2026 18:09
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিলের শুরুতেই তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছিল রাজ্যবাসী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম আরও বাড়ছিল। তবে হাওয়া অফিসের পূর্বাভাস মতোই গতকাল থেকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ ও ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই নেমেছে। বিকেল হতেই কলকাতার একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে কোথাও ঝোড়ো হাওয়াও বইছে।
আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্তীসগঢ় হয়ে তেলঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যার উচ্চতা সমুদ্রতল থেকে প্রায় ০.৯ কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এই পরিস্থিতির জেরেই ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আজ সন্ধের দিকে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকতে পারে, তবে মঙ্গলবার ও বুধবার ঝড়বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আপাতত গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে চলেছেন রাজ্যবাসী।
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও মাঝে মাঝে রোদের দেখা মিলতে পারে, তবে রোদের তেজ খুব বেশি থাকবে না। বিকেলের দিকে বেশিরভাগ জেলায় মেঘলা পরিবেশ তৈরি হবে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
ঝড়বৃষ্টির কারণে সমুদ্রেও সতর্কতা জারি করা হয়েছে। উপকূল এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার ফলে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এরপর ধীরে ধীরে আবার পারদ বাড়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে।