ভোট ভাগাভাগির বিষয়ে সাধারন মানুষকে ফের একবার সাবধান করে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, "আপনাদেরকে বলেছিলাম ভোট ভাগ করবেন না। কী হল দেখলেন।"

অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 6 April 2026 17:31
দ্য ওয়াল ব্যুরো: মালদার চাঁচোলের মিছিলের পরে জনতার মাঝেই গাড়ির ছাদে উঠে নিজের বক্তব্য রাখেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ এবং তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মিছিলের মধ্যে থেকেই মানুষের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বান মালদায় ১২টি বিধানসভা আসনের সবগুলিতে জেতাতে হবে তৃণমূল কংগ্রেসকে (West Bengal Assembly Election 2026)। এসআইআর আটকাতে লোকসভায় তৃণমূলের আসন বৃদ্ধির কথাও বলেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকে দাবি করেছেন, "তৃণমূলের দুটো আসন আরও বাড়লে বাংলায় এসআইআর হতে পারত না। তৃণমূল ২৯-এর বদলের ৩১টি আসন পেলেই হয়ে যেত।"
ভোট ভাগাভাগির বিষয়ে সাধারন মানুষকে ফের একবার সাবধান করে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, "আপনাদেরকে বলেছিলাম ভোট ভাগ করবেন না। কী হল দেখলেন। একটায় জিতল কংগ্রেস (Congress) আর একটায় বিজেপি (BJP)। আর লাইনে দাঁড়ালেন আপনারা।"
অন্যদিকে মুখ্যমন্ত্রীর কথার প্রতিধ্বনি করে অভিষেক আক্রমন করেছেন প্রধানমন্ত্রীকে (Prime Minister Narendra Modi)। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের (Khawaja Asif) বক্তব্যের কথা উল্লেখ করে অভিষেক বলেন, "খোয়াজা আসিফের নাম লিখে রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আর ইন্ডিয়া জোটের সরকার হলে বাড়িতে ঢুকে মারব।" প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "মোদী নিজের ক্ষমতা প্রমাণ করুন। পাকিস্তান দখল করুক।" পিওকে দখল করার চ্যালেঞ্জ জানিয়ে অভিষেকের দাবি, "সরকার পিওকে দখল করলে বাংলার মানুষ আপনাকে সমর্থন করবে।"
মালদার দুই লোকসভা আসন মিলিয়ে মোট ১২টি বিধানসভা আসন রয়েছে। এই ১২টি বিধানসভা আসনের সবগুলিতে তৃণমূল কংগ্রেসকে জেতানোর আহ্বান জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "মালদায় ১২ আসন দিলেই তৃণমূল ২৫০-এর বেশি আসন পাবে।"
সোমবার নির্বাচনী প্রচারে গিয়ে পাকিস্তান ইস্যুতেই সুর চড়ান তৃণমূল নেত্রী। কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘‘বাংলা গোটা দেশকে পথ দেখায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যখন কলকাতাকে আক্রমণ করার কথা বলেন, সেই কথাটা কেন প্রধানমন্ত্রী বাংলায় এসে এক বারও বললেন না? কেন তিনি জানালেন না যে এর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে?’’