আগামী সপ্তাহটা রাজ্যের প্রায় সর্বত্রই ভিজতে চলেছে বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী সাত দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া
শেষ আপডেট: 17 August 2025 09:24
দ্য ওয়াল ব্যুরো: আগামী সপ্তাহটা রাজ্যের প্রায় সর্বত্রই ভিজতে চলেছে বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী সাত দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা দিতে পারে।
১৭ থেকে ২১ অগস্টের মধ্যে বজ্রঝড়ের সঙ্গে প্রবল দমকা হাওয়া বইতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, ফলে খোলা জায়গায় থাকা বা মাঠে কাজ করা মানুষদের জন্য বজ্রপাতের ঝুঁকি বাড়ছে।
১৮ থেকে ২০ অগস্ট পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলবর্তী এলাকায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে ঘণ্টায় ৫৫ কিমি পর্যন্ত। সেই কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার কড়া পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহেও আগামী সাত দিনে বজ্রঝড়-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে প্রায় প্রতিদিনই বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণ হতে পারে। কোচবিহারেও অনুরূপ আবহাওয়ার ইঙ্গিত রয়েছে।
প্রথম দিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বৃষ্টি তুলনামূলকভাবে কম হলেও পরে অধিকাংশ জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস মিলেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে একাধিক দিনে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) হতে পারে।