প্রতি বছর বন্যায় ভোগান্তি পোহাতে হয় ঘাটালকে। এ বছর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। টানা প্রায় দু’মাস ধরে জলমগ্ন ছিল অঞ্চলটি। যাতায়াতের জন্য পথে নামাতে হয় নৌকা।

ঘাটালের স্কুলে জন্মাষ্টমীর ছুটিতেও পরীক্ষা
শেষ আপডেট: 16 August 2025 21:27
দ্য ওয়াল ব্যুরো: জলবন্দি পরিস্থিতির জেরে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে (Ghatal School) দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। সেই কারণে নিয়মমতো পরীক্ষায় বসতে পারেনি যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠের পড়ুয়ারা। তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয়, তাই বিশেষ উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ। সরকারি ছুটির দিনেও শনিবার পরীক্ষা নেওয়া হল। রবিবারও পরীক্ষা চলবে বলে জানানো হয়েছে।
শনিবার জন্মাষ্টমীর ছুটি (Janmashtami Holiday) থাকলেও নিয়মের বাইরে গিয়ে পরীক্ষার আয়োজন করে বিদ্যালয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণির মূল্যায়ন পরীক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান শিক্ষক প্রণবেন্দ্র দে জানান, 'পর্ষদ থেকে ১ থেকে ৮ অগস্টের মধ্যে পরীক্ষা নেওয়ার নির্দেশ ছিল।
সে সময়ে স্কুল ও আশপাশের এলাকা জলমগ্ন থাকায় পড়ুয়াদের বিপদে ফেলতে চাইনি। পরে অভিভাবক, শিক্ষাকর্মী এবং প্রশাসনের সঙ্গে আলোচনার পর ছুটির দিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এতে সবার সহযোগিতা পেয়েছি।'
প্রতি বছর বন্যায় ভোগান্তি পোহাতে হয় ঘাটালকে। এ বছর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। টানা প্রায় দু’মাস ধরে জলমগ্ন ছিল অঞ্চলটি। যাতায়াতের জন্য পথে নামাতে হয় নৌকা। জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছিল। ফলে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
অভিভাবকেরা স্কুলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, বাচ্চাদের স্বার্থেই ছুটির দিনে পরীক্ষা নেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। একজন অভিভাবক বলেন, 'পরীক্ষা না হওয়ায় আমাদের সন্তানদের ক্ষতি হচ্ছিল। এখন অন্তত তারা তৃতীয় পার্বিক পরীক্ষার আগে প্রস্তুতির যথেষ্ট সময় পাবে।'