এই ঘটনায় মামলা রুজু হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে দেশে দ্রুত বেড়ে চলা সাইবার অপরাধেরই এটি আরেকটি নজির।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 August 2025 16:07
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে (Mumbai) এক বৃদ্ধা মহিলা (Old Woman) ডিজিটাল প্রতারণার (Cyber Fraud) শিকার হয়ে খোয়ালেন জীবনের সব সঞ্চয়। অনলাইনে দুধ অর্ডার (Order of Milk) করতে গিয়ে ভুয়ো লিঙ্কে ক্লিক করাতেই উধাও হয়ে গেল তাঁর ১৮.৫ লক্ষ টাকা।
ঘটনাটি ঘটেছে ৪ অগস্ট। ৭১ বছরের ওই মহিলা একটি ফোন পান, যেখানে নিজেকে দুধ সরবরাহকারী সংস্থার প্রতিনিধি বলে পরিচয় দেয় এক ব্যক্তি। অর্ডার দেওয়ার জন্য তিনি মহিলাকে একটি লিঙ্ক (Fake Link) পাঠান এবং ব্যক্তিগত তথ্য ভরতে বলেন। প্রায় এক ঘণ্টা ফোনে ব্যস্ত রেখেই বৃদ্ধাকে দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করান ওই প্রতারক। এখানেই শেষ নয়, পরদিন আবারও ফোন করে আরও কিছু তথ্য সংগ্রহ করে সে।
এই ঘটনার কয়েক দিন পর ব্যাঙ্কে গিয়ে লেনদেনের তথ্য খতিয়ে দেখতেই চমকে ওঠেন মহিলা। দেখা যায়, তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১৮.৫ লক্ষ টাকা উধাও। পুলিশের অনুমান, লিঙ্কে ক্লিক করার পরই প্রতারক তাঁর ফোনে ঢুকে সমস্ত তথ্য হাতিয়ে নেয়।
এই ঘটনায় মামলা রুজু হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে দেশে দ্রুত বেড়ে চলা সাইবার অপরাধেরই এটি আরেকটি নজির।
প্রসঙ্গত, এর আগে পুণের এক ব্যবসায়ী ২.৩ কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন। বেঙ্গালুরুতেও একাধিক প্রবীণ নাগরিক ভুয়ো কেওয়াইসি মেসেজে প্রতারিত হয়েছেন।