জ্বর, সর্দি, চর্মরোগের সমস্যার জন্য এরপর ১১ অগস্ট তাঁকে নিয়ে যাওয়া হয় জেজে হাসপাতালে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 August 2025 10:48
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের জেজে হাসপাতাল থেকে পালালেন এক অন্তঃসত্ত্বা বাংলাদেশি বন্দি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, উঠছে নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন। ওই বন্দিকে ধরতে শহরজুড়ে তল্লাশি শুরু করেছে মুম্বই পুলিশ।
রুবিনা ইরশাদ শেখ (২৫)। নকল জন্ম নথির সাহায্যে ভারতীয় পাসপোর্ট বানানোর অভিযোগে চলতি মাসের ৭ অগস্ট ভাসি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ভারতীয় ন্যায় সংহিতার, পাসপোর্ট আইন এবং ফরেনার্স অ্যাক্ট-এর বিভিন্ন ধারায় মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। পরে বাইকুল্লা মহিলা সংশোধনাগারে পাঠানো হয়।
জ্বর, সর্দি, চর্মরোগের সমস্যার জন্য এরপর ১১ অগস্ট তাঁকে নিয়ে যাওয়া হয় জেজে হাসপাতালে। পাশাপাশি পাঁচ মাসের গর্ভাবস্থার কারণেও মেডিক্যাল চেকআপের প্রয়োজন ছিল বলে জানাচ্ছে পুলিশ। যেজন্যও ওই হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু বৃহস্পতিবার, ১৪ অগস্ট দুপুরে হাসপাতালে ভিড়ের সুযোগ নিয়ে পালিয়ে যান রুবিনা। অভিযোগ, তিনি সঙ্গে থাকা এক পুলিশ কনস্টেবলকে ধাক্কা দিয়ে সোজা হাসপাতাল থেকে বেরিয়ে যান।
ঘটনার পরই নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। শহরজুড়ে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি। পুলিশের দাবি, তাঁকে দ্রুত গ্রেফতার করা হবে।
বন্দিদের হাসপাতালে নিয়ে আসার সময় পুলিশি নিরাপত্তা নিয়ে এখন উঠছে প্রশ্ন। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কী পদক্ষেপ করা হচ্ছে, তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।