দিল্লির হাওজ কাজি এলাকায় এক ৩৯ বছরের ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনি তাঁর ৬৫ বছরের মাকে দুই বার ধর্ষণ করেছেন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 August 2025 08:13
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির হাওজ কাজি এলাকায় এক ৩৯ বছরের ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনি তাঁর ৬৫ বছরের মাকে দুই বার ধর্ষণ করেছেন। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা নিজে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছেলের দাবি, বহু বছর আগে তাঁর মায়ের পরকীয়া সম্পর্ক ছিল, আর সেই “অপরাধের শাস্তি” দিতেই তিনি এ কাজ করেছেন।
অভিযোগকারিণী জানান, তিনি তাঁর স্বামী (অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী), ছোট মেয়ে এবং ছেলের সঙ্গে হাওজ কাজি এলাকায় থাকেন। তাঁদের বড় মেয়ে একই মহল্লায় শ্বশুরবাড়িতে থাকেন।
১৭ জুলাই তিনি স্বামী ও ছোট মেয়েকে নিয়ে সৌদি আরবে ধর্মীয় যাত্রায় গিয়েছিলেন। সেই সময় থেকেই ছেলে ফোন করে বাবাকে বাড়ি ফিরে আসতে বলেন। অভিযোগকারিণীর বক্তব্য, ছেলে বারবার ফোনে দাবি করে— তাঁর মায়ের নাকি পরকীয়া ছিল এবং বাবাকে দ্রুত তালাক দিতে হবে।
পরিবার ১ অগস্ট দিল্লি ফিরে আসে। তখনই ছেলে প্রথমে মাকে জোর করে বোরখা খুলতে বাধ্য করে, মারধর করে এবং বাবার সামনে মাকে অপমানিত করে। ভয়ে বৃদ্ধা তখন বড় মেয়ের বাড়িতে আশ্রয় নেন।
১১ অগস্ট তিনি আবার নিজের বাড়ি ফেরেন। রাত সাড়ে ন’টা নাগাদ ছেলে তাঁকে আলাদা করে ডেকে ঘরে নিয়ে যায়। দরজা বন্ধ করে প্রথমবার ধর্ষণ করে। বৃদ্ধা পুলিশের কাছে জানান— “আমি বারবার বলছিলাম আমি তোমার মা, কিন্তু সে বলেছিল আমাকে আমার অতীতের জন্য শাস্তি দিচ্ছে।”
এরপর তিনি আতঙ্কে মেয়ের ঘরে ঘুমোতে শুরু করেন। কিন্তু ১৫ অগস্ট রাত সাড়ে তিনটে নাগাদ অভিযুক্ত আবার মেয়ের ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। পরের দিন বৃদ্ধা তাঁর ছোট মেয়েকে ঘটনাটি খুলে বলেন। মেয়ের জোরাজুরিতে শুক্রবার তাঁরা হাওজ কাজি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধারা (ধর্ষণ) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।