বুধবার শহর কলকাতা দেখেছে চলতি মরসুমের শীতলতম সকাল। ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১১ ডিগ্রি সেলসিয়াসে - যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম।

ফাইল ছবি
শেষ আপডেট: 31 December 2025 11:59
দ্য ওয়াল ব্যুরো: উত্তুরে হাওয়ার বাধাহীন প্রবাহে ধীরে ধীরে জমাট বাঁধছে শীত (Winter)। গত কয়েক দিনে শহর কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে হিমেল হাওয়ার দাপট বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানাচ্ছে, আপাতত উত্তুরে হাওয়ার পথে কোনও বড় বাধা নেই, ফলে রাজ্যজুড়ে (West Bengal) ঠান্ডা আরও বাড়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
বুধবার শহর কলকাতা দেখেছে চলতি মরসুমের শীতলতম সকাল (Coldest Morning)। ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১১ ডিগ্রি সেলসিয়াসে - যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম। একদিনের ব্যবধানে পারদ প্রায় দেড় ডিগ্রি নামায় শীতের কামড় আরও তীব্র হয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।
সকালের দিকে শহর ও শহরতলির একাধিক এলাকায় ঘন কুয়াশার (Dense Fog) চাদর পড়ে। ফলে রাস্তাঘাটে যান চলাচলেও সমস্যা দেখা দেয়। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রির নীচেই আটকে ছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে।
উত্তরবঙ্গে কুয়াশার দাপট
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের প্রকোপ তীব্র। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
দার্জিলিংয়ে (Darjeeling) শীতের আধিপত্য বরাবরের মতোই সর্বোচ্চ। বছরের শেষ দিনে দার্জিলিঙে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপর উত্তরবঙ্গে সবচেয়ে কম পারদ নেমেছে কালিম্পংয়ে - ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যে পূর্বাভাস মিলেছে যে, বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে। পাহাড়ি অঞ্চলে তুষারপাতও হতে পারে।
কোথায় কত ঠান্ডা
দক্ষিণবঙ্গের মধ্যে শীতের ‘হটস্পট’ হয়ে উঠেছে বীরভূমের শ্রীনিকেতন (Sriniketan)। বুধবার সেখানে তাপমাত্রা নেমে যায় মাত্র সাড়ে ৬ ডিগ্রি সেলসিয়াসে। নদিয়ার কল্যাণীতে পারদ ছিল ৭ ডিগ্রি, সিউড়িতে ৭.২ এবং আসানসোলে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া বাঁকুড়া ও বর্ধমানে ৮ ডিগ্রি, বহরমপুর, ক্যানিং ও পুরুলিয়ায় ৯ ডিগ্রি, উলুবেড়িয়া ও মগড়ায় প্রায় ৯.৫ ডিগ্রি, ব্যারাকপুরে ৮.৬, ঝাড়গ্রামে ৯.১ এবং পানাগড়ে ৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উপকূলবর্তী দিঘা ও ডায়মন্ড হারবারে পারদ ছিল ১০ ডিগ্রির আশেপাশে।
কলকাতার দমদমে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১০ ডিগ্রি সেলসিয়াসে। সল্টলেকে পারদ ছিল ১১.৪ এবং হলদিয়ায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস।
নতুন বছরে কী মিলবে স্বস্তি?
হাওয়া অফিসের ইঙ্গিত, নতুন বছরের শুরুতে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে সেই উষ্ণতা হাড় কাঁপানো শীত থেকে পুরোপুরি রেহাই দেবে কি না, তা এখনও নিশ্চিত নয়। আপাতত রাজ্যজুড়ে শীতের দাপট বজায় থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।