এদিন সকালে শহরতলির রাস্তা ও পথঘাট ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। এই কুয়াশা শহরের যাতায়াতেও সমস্যা সৃষ্টি করছে। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসের ওপর ওঠেনি।
.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 31 December 2025 09:30
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার শীতপ্রেমীরা বছরের শেষ দিনগুলোতে প্রকৃতির হিমের শক্তি অনুভব করলেন। চলতি মরসুমের শীতলতম দিন আজ, বুধবার (Cold Weather in Kolkata)। ভোরের দিকে পারদ নেমে গেল ১১ ডিগ্রি সেলসিয়াসে, যা একদিনের মধ্যে প্রায় ১.৬ ডিগ্রি কমে গেছে এবং স্বাভাবিকের চেয়ে প্রায় ২.৮ ডিগ্রি নীচে (Weather Update)। গতকাল, মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি।
এদিন সকালে শহরতলির রাস্তা ও পথঘাট ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল (Kolkata Weather)। এই কুয়াশা শহরের যাতায়াতেও সমস্যা সৃষ্টি করছে। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসের ওপর ওঠেনি, যা স্বাভাবিকের তুলনায় ৫.৮ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে কমবেশি কুয়াশা থাকবে, তবে দুপুরের পর আকাশ পরিষ্কার হবে।
গত কয়েক দিনে হিমেল হাওয়া শহর ও রাজ্যের বিভিন্ন জেলায় প্রবেশ করেছে (Bengal Weather)। হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়ার পথে কোনও বাধা না থাকার কারণে রাজ্যজুড়ে ঠান্ডা বাড়ছে। যদিও নতুন বছরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে হাড় কাঁপানো ঠান্ডা কিছুটা রেহাই দেবে কি না তা নিশ্চিত নয়।
উত্তরবঙ্গের (North Bengal Weather) কুয়াশা পরিস্থিতি আরও ভয়াবহ। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সেখানে দৃশ্যমানতা সকালবেলা ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত নামতে পারে। বিশেষ করে কোচবিহার ও জলপাইগুড়িতে বিকেলের দিকে কুয়াশার জেরে দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছে যেতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবারের পর থেকে পারদ ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে, তবে এই হাড়কাঁপানো ঠান্ডা কতদিন স্থায়ী হবে, তা এখনও স্পষ্ট নয়। তাপমাত্রার পাশাপাশি কুয়াশা এবং হিমের প্রভাবে চলতি মরসুমে নিজের অস্তিত্ব একদম 'হাড়ে হাড়ে' বুঝিয়ে দিচ্ছে শীত।