আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কলকাতা ও দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণও কমতে পারে।

আবহাওয়া
শেষ আপডেট: 12 October 2025 10:00
দ্য ওয়াল ব্যুরো: পুজো শেষ হলেও রাজ্যে এখনও বর্ষার প্রভাব রয়েছে। তবে অবশেষে বিদায়ের পথে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও ছত্তিশগড় থেকে বর্ষা ইতিমধ্যেই সরে যাওয়ায়, এবার পালা বাংলার।
বর্তমানে দক্ষিণ বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে রবিবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শনিবারের তুলনায় রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই হ্রাস পাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে, ফলে আর্দ্রতাজনিত গুমোট ভাবও কিছুটা কমতে পারে শহর কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে।
আবহাওয়া দফতরের ইঙ্গিত অনুযায়ী, আগামী সপ্তাহের মধ্যে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার দিক থেকে বর্ষা আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে শুরু করবে।
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের আকাশ বেশিরভাগ সময় পরিষ্কারই থাকবে। তবে পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুবই সামান্য।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই পশ্চিমবঙ্গ থেকে চলতি বছরের বর্ষা বিদায় নিতে পারে।