দলীয় কর্মী-সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, রাজ্য পুলিশ শাসক দলের সঙ্গে হাত মিলিয়ে বিরোধী শিবিরকে চাপে রাখার চেষ্টা করছে। তাঁর দাবি, বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে, এমনকি গুলি চালানোর হুমকিও দেওয়া হচ্ছে।

দিলীপ ঘোষ
শেষ আপডেট: 23 March 2026 14:19
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে খড়্গপুর সদরে প্রচারে নেমে ফের আগের চেনা ভঙ্গিতেই দেখা গেল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে (BJP Candidate Dilip Ghosh)। নিজের পছন্দের কেন্দ্র খড়্গপুর সদর থেকেই এবার প্রার্থী হয়েছেন তিনি। আর সেই কেন্দ্রেই প্রচারসভা থেকে পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করে নতুন বিতর্কের জন্ম দিলেন এই প্রবীণ নেতা।
দলীয় কর্মী-সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, রাজ্য পুলিশ শাসক দলের সঙ্গে হাত মিলিয়ে বিরোধী শিবিরকে চাপে রাখার চেষ্টা করছে। তাঁর দাবি, বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে, এমনকি গুলি চালানোর হুমকিও দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গ টেনে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় পাল্টা হুঁশিয়ারি দেন তিনি, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
‘গুলির আওয়াজে প্যান্ট ভিজে যাবে!’ পুলিশকে হুঁশিয়ারি দিয়ে এই মন্তব্যই করেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী। তৃণমূলের সঙ্গে যোগসাজস করে বিজেপির কর্মীদের ভয় দেখাচ্ছে এখানকার আইসি, চার তারিখের পরে গুলি করার হুমকিও দিচ্ছে - এই দাবি করে দিলীপ ঘোষের পাল্টা, ''তোর বাপের গুলি! কত গুলি আছে তোর কাছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে।''
শাসক দলকে নিশানা করে তিনি এও বলেন, শাসক দলের নেতারা এসব গুন্ডা, মাফিয়াদের চামচাগিরি করে জিতেছে। আজও সেই চেষ্টায় রয়েছে। কিন্তু এবার আর এসব হবে না। বিজেপি কোনও দাদাগিরি মানবে না।
দিলীপ ঘোষের অভিযোগ, শাসক দলের নেতারা স্থানীয় দুষ্কৃতীদের ভরসায় নির্বাচনী সাফল্য পেয়ে এসেছে। এখনও সেই একই কৌশল নেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। তবে তাঁর স্পষ্ট বার্তা, এবারের ভোটে এই ধরনের প্রভাব খাটানোর চেষ্টা বরদাস্ত করা হবে না।
খড়্গপুর কেন্দ্রের সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক নতুন নয়। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তিনি। যদিও ২০২১ সালে দল তাঁকে এই আসনে প্রার্থী করেনি। সেই সময় তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছিল অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে, যিনি জয়ীও হন। কিন্তু পরবর্তী সময়ে তাঁকে ঘিরে নানা বিতর্ক তৈরি হওয়ায় এবার প্রার্থী তালিকায় পরিবর্তন আনা হয়েছে। ফলে পুরনো কেন্দ্রে ফেরানো হয়েছে দিলীপ ঘোষকে।
প্রচারে নেমে তিনি অতীতের প্রসঙ্গও তুলে ধরেন। দাবি করেন, আগেরবার মানুষ তাঁকে সুযোগ দিয়েছিল বলেই এলাকায় দুষ্কৃতী দমন সম্ভব হয়েছিল। এবারও সেই একইভাবে পরিস্থিতি সামাল দেওয়ার আশ্বাস দেন তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট, খড়গপুরে আইনশৃঙ্খলা নিয়ে কোনও আপস করতে রাজি নন তিনি।
নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য ঘিরে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক চাপানউতোরের মাঝেই প্রশ্ন উঠছে, ভোটের আবহে ভাষার সীমা কোথায় টানা হবে।