বৃহস্পতিবার থেকে ফের সক্রিয় হবে বর্ষা (Monsoon Season)। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
.jpg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 July 2025 09:58
দ্য ওয়াল ব্যুরো: কিছুটা বিরতি দিলেও রাজ্যে ফের সক্রিয় বর্ষার প্রভাব। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে আবারও বাড়বে বৃষ্টিপাতের মাত্রা। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে (Weather Update of West Bengal and Kolkata)।
আজ, বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে, রোদ উঠলে বাড়বে গরম ও অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি থাকায় দিনভর গুমোটভাব থাকতে পারে। তবে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি গতিতে।
বৃহস্পতিবার থেকে ফের সক্রিয় হবে বর্ষা (Monsoon Season)। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
শুক্রবার ভারী বৃষ্টি (Rain Forecast) হতে পারে দুই ২৪ পরগনা, নদিয়া ও দুই বর্ধমানে। উপকূলের জেলাগুলিতেও বৃষ্টির তীব্রতা বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর্দ্রতা-জনিত অস্বস্তি ততদিনে আবার বাড়তে পারে।
বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে। তবে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম, শুধু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
আজ শহরের (Kolkata Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ ছিল ৩১ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে প্রায় ১১.৭ মিলিমিটার। আজ বৃষ্টি কম থাকলেও গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে শহরেও বৃষ্টির দাপট বাড়বে বলে পূর্বাভাস।
রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ওড়িশা-সহ একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমির মধ্যে।