মেডিক্যাল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, সৌগতবাবুর শরীরে পটাশিয়ামের মাত্রা বেশি, শ্বাসনালিতে সংক্রমণ হয়েছে, কিডনির সমস্যাও দেখা দিয়েছে। তাঁকে রাইস টিউবের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে।

অসুস্থ প্রবীণ সাংসদ সৌগত রায়
শেষ আপডেট: 2 July 2025 07:56
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের শারীরিক অবস্থায় কোনও উন্নতি নেই (Saugata Roy Health Update)। চিন্তায় চিকিৎসক এবং তাঁর সহকর্মীরা। স্নায়ুর রোগ ও অনিদ্রার সমস্যায় ভুগতে থাকা সৌগত রায়কে মঙ্গলবার থেকে হাসপাতালের মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলেও সঙ্কটজনক।
দীর্ঘদিন ধরে পেসমেকার ব্যবহার করছেন সৌগত রায় (Saugata Roy)। সম্প্রতি দিঘায় একটি অনুষ্ঠানে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েন। এরপর বেলঘরিয়ার হাসপাতাল এবং পরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। গত ২২ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
মেডিক্যাল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, সৌগতবাবুর শরীরে পটাশিয়ামের মাত্রা বেশি, শ্বাসনালিতে সংক্রমণ হয়েছে, কিডনির সমস্যাও দেখা দিয়েছে। তাঁকে রাইস টিউবের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। উচ্চ রক্তচাপ এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনতে ইনসুলিনও প্রয়োগ করা হয়েছে। পিঠের ব্যথা বাড়ায় ফিজিয়োথেরাপির প্রয়োজন পড়েছে। আরও জানা গিয়েছে, ভারনিক এনসেফালোপ্যাথিতে আক্রান্ত প্রবীণ সাংসদ। সেরেব্রাল অ্যাট্রোফিও ধরা পড়েছে তাঁর শরীরে।
গত রবিবার কলকাতার মিন্টো পার্ক সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত মেডিক্যাল বুলেটিন প্রকাশ করছে। গত সোমবারের বুলেটিন অনুযায়ী, সৌগতবাবু জ্বরগ্রস্ত, কথা বলতে পারছেন না, তবে সাড়া দিচ্ছেন। রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে, ইউরিনারি ক্যাথেটারও ব্যবহার করা হচ্ছে। তরল ও গলা খাবারই আপাতত তাঁর একমাত্র খাদ্য।
সূত্রে খবর, বর্তমানে সাংসদের কথা জড়িয়ে যাচ্ছে এবং শারীরিক অস্বস্তি তাঁকে আরও দুর্বল করে তুলছে। বর্ষীয়ান রাজনীতিকের দ্রুত আরোগ্যের জন্য সহকর্মী ও অনুরাগীরা প্রার্থনা করছেন।