আইপিএল ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর ৪ জুন বেঙ্গালুরুতে ট্রফি প্যারেড করছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। উদ্যাপনের আনন্দ মুহূর্তেই বদলে গিয়েছিল বিভীষিকায়।

আরসিবি
শেষ আপডেট: 1 July 2025 23:57
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর ৪ জুন বেঙ্গালুরুতে ট্রফি প্যারেড করছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। উদ্যাপনের আনন্দ মুহূর্তেই বদলে গিয়েছিল বিভীষিকায়। পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ১১ জন, আহত হয়েছিলেন অন্তত ৫০ জন। সেই ঘটনায় এবার সরাসরি দায় চাপল বিরাট কোহলিদের দল আরসিবির উপর।
সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (CAT) জানিয়েছে, ওই ঘটনার মূল দায় RCB-এর। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি প্যারেডের জন্য কোনওরকম অনুমতি না নিয়েই বিশাল জমায়েতের আয়োজন করে তারা।
ঘটনার তদন্তে ক্যাটের তরফে গঠন করা হয় দুই সদস্যের একটি প্যানেল। বিচারপতি বি কে শ্রীবাস্তব ও সন্তোষ মেহরার সেই রিপোর্টে বলা হয়েছে, ‘‘৩ থেকে ৫ লক্ষ মানুষ ভিড় করেছিলেন ওই দিন। অথচ পুলিশের হাতে ছিল মাত্র ১২ ঘণ্টার কম সময়। এভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। পুলিশকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে ভাবা অবাস্তব।’’
প্রসঙ্গত, ওই ঘটনার পর বেঙ্গালুরু পুলিশের ভূমিকা নিয়েও উঠেছিল প্রশ্ন। অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। সাসপেন্ড করা হয় তিন আইপিএস অফিসারকে, যাঁদের মধ্যে অন্যতম বিকাশ কুমার ক্যাটে গিয়ে আবেদন করেন। সেই আবেদন থেকেই উঠে আসে তদন্তের নয়া দিক।
ক্যাটের মতে, এই ধরনের অনুষ্ঠানের জন্য আগে থেকে সুসংগঠিত পরিকল্পনার প্রয়োজন ছিল। যা সময়মতো জানালে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও নিতে পারত। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেনি আরসিবি কর্তৃপক্ষ।