মহেন্দ্র সিং ধোনি হয়তো পরের মরশুমে খেলবেন না। তাঁর জায়গায় এমন একজনকে প্রয়োজন, যে উইকেটরক্ষার পাশাপাশি ব্যাট হাতেও দায়িত্ব নিতে প্রস্তুত। এই দুই গুণই রয়েছে কেরলের সঞ্জুর।

সঞ্জু স্যামসন ও মহেন্দ্র সিং ধোনি
শেষ আপডেট: 1 July 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের অন্যতম ধারাবাহিক ক্রিকেটার হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। গত কয়েক মরশুম ধরে তাঁর কাঁধেই রয়েছে রাজস্থান রয়্যালসের অধিনায়কের দায়ভার। জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ কিছু স্মরণীয় ইনিংস রয়েছে। এবার শোনা গেল সঞ্জু নাকি রাজস্থান শিবির ছেড়ে চেন্নাই সুপার কিংসে (CSK) যাচ্ছেন।
যদিও অনেক ফ্র্যাঞ্চাইজির নজরেই রয়েছেন রাজস্থান রয়্যালসকে সাফল্য এনে দেওয়া অধিনায়ক সঞ্জু স্যামসন। সিএসকে সঞ্জুকে তাদের দলে যোগ করার জন্য পুরোদমে ঝাঁপিয়ে পড়তে চাইছে বলে সূত্র মারফত খবর।
সঞ্জুর অধিনায়কত্বে রাজস্থান ২০২২ আইপিএল ফাইনাল খেলেছিল, যা ২০০৮ সালের পর এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ফাইনাল ছিল।
ক্রিকবাজ তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে যে চেন্নাই সঞ্জুকে তাদের দলে আনতে চায়, যদিও এই বিষয়ে রাজস্থানের সঙ্গে এখনও কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
চেন্নাইয়ের একটি সূত্রের উল্লেখ করে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, "আমরা অবশ্যই সঞ্জুর দিকে নজর রাখছি। সে এমন একজন ভারতীয় ব্যাটার যিনি উইকেটকিপিংও করতে পারেন এবং একজন ওপেনারও। যদি সঞ্জুকে পাওয়া যায়, তাহলে আমরা অবশ্যই তাঁকে আমাদের দলে অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করব। তবে আমরা এখনও কার পরিবর্ত তাঁকে নেওয়া হবে, সে বিষয়ে কোনও আলোচনা করিনি। কারণ বিষয়টি এখনও এতদূর এগিয়ে যায়নি। তবে হ্যাঁ, আমরা সঞ্জুর প্রতি আগ্রহী।"
সিএসেকর এই মন্তব্য দেখে অনেকেই মনে করছেন, মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) হয়তো পরের মরশুমে খেলবেন না। তাঁর জায়গায় এমন একজনকে প্রয়োজন, যে উইকেটরক্ষার পাশাপাশি ব্যাট হাতেও দায়িত্ব নিতে প্রস্তুত। এই দুই গুণই রয়েছে কেরলের সঞ্জুর। পাশাপাপাশি তাঁর অভিজ্ঞতাও অনেক। প্রয়োজনে অধিনায়ক রুতুরাজকে পরামর্শও দিতে পারবেন।
কোন খেলোয়াড়কে ট্রেড করা হবে তা চেন্নাইয়ের জন্য বড় মাথাব্যথার কারণ হবে। রাজস্থানের নম্বর-১ ধরে রাখা খেলোয়াড় ছিলেন সঞ্জু, যার অর্থ তাঁকে ১৮ কোটি টাকা দেওয়া হয়েছিল। তাঁর জায়গায় চেন্নাইয়ের সম্ভাব্য এবং সমান খেলোয়াড় হলেন রুতুরাজ গায়কোয়াড। তবে দলের কোচ স্টিফেন ফ্লেমিং ইতিমধ্যেই বলেছেন যে, গায়কোয়াডকে দীর্ঘদিনের জন্য অধিনায়ক নিযুক্ত করা হয়েছে।
আইপিএলের ট্রেডিং উইন্ডো বর্তমানে খোলা আছে। এমন পরিস্থিতিতে, চেন্নাই সঞ্জুর জন্য রাজস্থানের সঙ্গে কথা বলে কি না তা দেখতে হবে। তবে সঞ্জুকে দলে নিতে গেলে প্রিতযোগিতার মুখে পড়তে হবে সিএসকেকে। কারণ চেন্নাই ছাড়াও আরও কিছু দল রয়েছে যারা সঞ্জুকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে চায়।
রাজস্থান সম্প্রতি লন্ডনে তাদের পর্যালোচনা সভা করেছে যেখানে দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও উপস্থিত ছিলেন। এই বৈঠকে, অন্যান্য দলের সঙ্গে বিভিন্ন খেলোয়াড়ের লেনদেনের আবেদন নিয়েও আলোচনা হয়েছিল, কিন্তু সঞ্জুর নাম তাতে ছিল না।