২০২৪ সাল থেকে টেস্টের ১৯ ইনিংসে সিরাজ নিয়েছেন মাত্র ২৮ উইকেট নিয়েছেন সিরাজ। তবে একবারও পাঁচ উইকেট পাননি তিনি।

মহম্মদ সিরাজ
শেষ আপডেট: 1 July 2025 17:49
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে ভারতীয় ক্রিকেটের তারকা বনে গিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। অটো চালকের সন্তান সিরাজের কঠোর পরিশ্রম ও প্রতিভা তাঁকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে। আইপিএলের হাত ধরে উত্থানের পর তিনি এখন জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।
৩১ বছরের সিরাজ জাতীয় দলের জার্সিতে তিন ফরম্যাটেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। এই ফাস্ট বোলার টিম ইন্ডিয়ার অন্যতম ম্যাচ উইনার। ৩৭ টেস্টে নিয়েছেন ১০২টি উইকেট। সেরা বোলিং ১৫ রানে ছয় উইকেট। ৪৪টি একদিনের ম্যাচে নিয়েছেন ৭১টি উইকেট। সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে মেন ইন ব্লুজের হয়ে সিরাজ নিয়েছেন ১৬ ম্যাচে ১৪ উইকেট।
সিরাজ এখন রয়েছেন ইংল্যান্ডে। সেখানে টিম ইন্ডিয়া টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India Test Series)। পাঁচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছে ভারত। ওই ম্যাচে জসপ্রীত বুমরাহ ছাড়া আর কোনও ভারতীয় বোলারই নজর কাড়তে পারেননি। মহম্মদ সিরাজকে খুবই সাদামাটা দেখিয়েছে।
এদিকে ২ জুলাই থেকে এজবাস্টনে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সেই টেস্টে হয়তো খেলবেন না বুমরাহ। তাই দ্বিতীয় টেস্টে সিরাজই হতে চলেছেন দলের সব থেকে অভিজ্ঞ পেসার। তাঁর কাঁধে থাকবে বিশাল দায়িত্ব। তবে তিনি সেই দায়িত্ব কতটা পালন করতে পারবেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। আর এর পিছনে রয়েছে তাঁর ফর্ম।
২০২৪ সালের পর থেকে টেস্টে পাঁচ উইকেট পাননি সিরাজ
২০২৪ সাল থেকে টেস্টের ১৯ ইনিংসে সিরাজ নিয়েছেন মাত্র ২৮ উইকেট নিয়েছেন সিরাজ। তবে একবারও পাঁচ উইকেট পাননি তিনি। এই সময়ে সিরাজের গড় ৩৭.৫। অন্যদিকে, এজবাস্টনে তাঁর রেকর্ডের দিকে তাকালে দেখা যাবে, তিনি মাত্র একটি ম্যাচ খেলেছেন ২০২২ সালে। ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে সিরাজ প্রথম ইনিংসে চারটি উইকেট পেয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে তাঁকে খালি হাতে ফিরতে হয়েছিল।
চলতি সিরিজের প্রথম টেস্টে ৩১ বছর বয়সি এই পেসার মাত্র দু’টি উইকেট পেয়েছিলেন ১৭৩ রান দিয়ে। দ্বিতীয় টেস্টে ভারতকে ভাল কিছু করতে হলে সিরাজকে বড় দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটাররা।