ক্যান্ডিডেটস দাবা জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে জাভোখির সিন্দারভ! ফাইনালে মুখোমুখি হতে চলেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডি গুকেশের। অন্যদিকে, ড্র করেও খেতাবের লড়াইয়ে টিকে রইলেন রমেশবাবু বৈশালী। বিস্তারিত আপডেট পড়ুন।

সিন্দারভ ও বৈশালী
শেষ আপডেট: 15 April 2026 10:44
দ্য ওয়াল ব্যুরো: টুর্নামেন্ট শেষ হতে এক রাউন্ড বাকি। তার আগেই উজবেকিস্তানের (Uzbekistan) তরুণ গ্র্যান্ডমাস্টার জাভোখির সিন্দারভ (Javokhir Sindarov) জিতে নিলেন এবারের ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতা (Candidates Chess 2026)। ত্রয়োদশ রাউন্ডে অনীশ গিরির (Anish Giri) বিরুদ্ধে ড্র করে শিরোপা নিশ্চিত। অর্থাৎ, অন্তিম লড়াই বাকি থাকলেও সেটা আপাতত গুরুত্বহীন। এবার সামনে বিশ্বচ্যাম্পিয়ন দোম্মারাজু গুকেশ (D Gukesh)। মঞ্চ বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
পুরো টুর্নামেন্টে একটাও ম্যাচ হারেননি সিন্দারভ। শুরু থেকে শেষ—একই ছন্দ। মাঝের রাউন্ডে গুরুত্বপূর্ণ জয় তুলে এগিয়ে গিয়েছেন। শেষের দিকে এসে ঝুঁকি না নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে। ধারাবাহিকতা ও ঠান্ডা মাথার খেলাই উজবেক গ্র্যান্ডমাস্টারকে বাকিদের থেকে এগিয়ে দিয়েছে। এখন তাঁর সামনে বিশ্বখেতাব ছিনিয়ে নেওয়ার সুযোগ।
ক্যান্ডিডেটস জয় মানেই সিন্দারভের সামনে ইতিহাস লেখার সম্ভাবনা। ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ। ২০২৪-এ দিং লিরেন-কে (Ding Liren) হারিয়ে কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে এই নজির হাসিল করেন। এবার তাঁর চ্যালেঞ্জার তরুণতর প্রজন্মের প্রতিনিধি। ফলে আসন্ন লড়াই হতে চলেছে ইতিহাসের অন্যতম ‘কমবয়সীদের ফাইনাল’। দুজনের সাম্প্রতিক হেড-টু-হেড রেকর্ড বুঝিয়ে দিচ্ছে, টক্কর হবে সেয়ানে-সেয়ানে। চলতি বছরই টাটা স্টিল চেসে (Tata Steel Chess 2026) গুকেশ সিন্দারভের বিরুদ্ধে নামেন। সেখানে জেতার অবস্থায় থেকেও ড্র করতে বাধ্য হন ভারতীয় দাবাড়ু।
ছেলেদের লড়াই একপেশে হলেও মেয়েদের বিভাগে তুমুল উত্তেজনা। ১৩তম রাউন্ডে ভারতের রমেশবাবু বৈশালী (R Vaishali) তান ঝংইয়ের (Tan Zhongyi) মুখোমুখি হন। লড়াই অমীমাংসিতভাবে শেষ হয়। শুরুতে চাপে ছিলেন বৈশালী। ২৫তম চালে প্রতিপক্ষ এগিয়ে যান। কিন্তু পরের চালে ঝংইয়ের ভুলের ফায়দা তুলে ধীরে ধীরে ম্যাচ ফেরেন। ৩৪তম চালে থ্রি-ফোল্ড রিপিটিশনে ড্র নিশ্চিত। যে কারণে টিকে থাকলেন শিরোপার দৌড়ে।
ত্রয়োদশ রাউন্ড শেষে ৭.৫ পয়েন্ট নিয়ে বৈশালী ও বিবিসারা আসসাউবায়েভা (Bibisara Assaubayeva) যৌথভাবে শীর্ষে। ঝু জিনেরের (Zhu Jiner) ঝুলিতে ৭ পয়েন্ট। ঠিক পেছনে আনা মুজিচুক (Anna Muzychuk), কাতেরিনা লাগনো (Kateryna Lagno), আলেকজান্দ্রা গোরিয়াচকিনা (Aleksandra Goryachkina)। সবারই হাতে ৬.৫ পয়েন্ট। যা পরিস্থিতি, তাতে শেষ রাউন্ডেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। বৈশালীর খেলবেন সাদা ঘুঁটি নিয়ে, লাগনোর বিরুদ্ধে। লক্ষ্য একটাই: অহেতুক ভুল না করা।