চেন্নাইয়ের জয়ে এমএস ধোনির পেপ টক! মাহির পরামর্শে কীভাবে কেকেআর ব্যাটিং লাইন আপে ধস নামালেন আফগান স্পিনার নুর আহমেদ? সাফল্যের নেপথ্য কাহিনি জানুন।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 15 April 2026 13:11
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ জেতার রাস্তা খুলে গেল মাঝের ওভারে। ফারাক গড়ে দিলেন নুর আহমেদ (Noor Ahmad)। চিপকের মন্থর উইকেটে ছোবল মারা ঘূর্ণিতেই ঘোরালেন ম্যাচের মোড়। যার সুবাদে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ৩২ রানের জয়ে বড় ভূমিকা নিলেন আফগান স্পিনার। ৩/২১—পরিসংখ্যান যতটা গুরুত্বপূর্ণ, পেছনের গল্প তার চেয়েও বড়।
খেলাশেষে চেন্নাইয়ের বোলিং কোচ শ্রীরামন শ্রীরাম (Sridharan Sriram) জানান, নুরের এই পারফরম্যান্স হঠাৎ নয়। অনুশীলনের সময় এমএস ধোনির (MS Dhoni) সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছিল। বিশেষ করে লেগ-ব্রেক ঠিকভাবে ব্যবহার করা নিয়ে। শ্রীরামের কথায়, ‘ধোনি ওর সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিল। কীভাবে বলটা ছাড়বে, কীভাবে টার্ন আনবে—এই বিষয়গুলো নিয়ে। ম্যাচে সেটা কাজে দিয়েছে।’
চিপকের উইকেট ধীর। বলে গ্রিপ ছিল। কিন্তু শুরুতে নুর ঠিকভাবে লেংথ পাচ্ছিলেন না। কখনও ছোট, কখনও বেশি ফুল। স্ট্র্যাটেজিক টাইম-আউটে আকিল হোসেন (Akeal Hosein) মাঝামাঝি লেংথ ধরার পরামর্শ দেন। সেখান থেকেই বদল। বল পিচে পড়ার পর গতি কমছে, টার্ন হচ্ছে—নাইট ব্যাটারদের পদে পদে ঝামেলায় ফেলতে থাকেন নুর। ঠিক এই সময়েই আঘাত।
গতরাতে অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane), রিঙ্কু সিং (Rinku Singh), ক্যামেরন গ্রিন (Cameron Green)—তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নুরের শিকার। স্কোর ছিল ৭৯/২। সেখান থেকে হঠাৎ ৯০/৬। ম্যাচ কার্যত সেখানেই বেরিয়ে যায় কেকেআরের হাত থেকে। মিডল ওভারে রান আটকে উইকেট নেওয়া—এই দুই কাজ একসঙ্গে নিপুণভাবে সেরেছেন আফগান স্পিনার।
শুধু পারফরম্যান্স নয়, প্রস্তুতিও বড় ফ্যাক্টর। শ্রীরাম জানান, নুর কীভাবে ব্যাটারদের নিয়ে আগে থেকে পড়াশোনা করেন। কোথায় ফিল্ড বসাতে হবে, কোন গতিতে বল করতে হবে—সব পরিকল্পনা ছকে রাখেন। তাঁর ডেলিভারির মুভমেন্ট দেরিতে, যা ব্যাটারদের বিভ্রান্ত করে। নাইটদের বিরুদ্ধে এই সবকিছুই ধারাবাহিকভাবে করে দেখালেন নুর।