গোয়ার মঞ্চে, টানটান উত্তেজনার রাতে, জন্ম নিলেন দাবার নতুন ‘টিন এজ সম্রাট’। জাভোখির সিন্দারভ—একটি নাম, যা আগামী দশকে বিশ্ব-দাবার নকশা বদলে দিতে পারে।

জাভোখির সিন্দারভ
শেষ আপডেট: 27 November 2025 13:18
দ্য ওয়াল ব্যুরো: দাবার বিশ্বমঞ্চে নতুন নজির উজবেকিস্তানের বিস্ময় প্রতিভা জাভোখির সিন্দারভের (Javokhir Sindarov)। মাত্র ১৯ বছর বয়সে জিতলেন ফিডে ওয়ার্ল্ড কাপ (FIDE World Cup 2025)—এ যাবত্কালের সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন! গোয়ার মঞ্চে চীনের ওয়ে ই-কে (Wei Yi) টানটান টাইব্রেক লড়াইয়ে হারিয়ে সিন্দারভ শুধু শিরোপাই জিতলেন না, আধুনিক দাবার প্রজন্মগত পালাবদলেও দিলেন সিলমোহর!
দীর্ঘ তিন সপ্তাহে ২০৬ জন গ্র্যান্ডমাস্টারের ভিড়ে ষোলো নম্বর সিড হিসেবে শুরু। ফেভারিটরা একে একে ছিটকে গেলেও সিন্দারভের পথটা সহজ ছিল না। সেমিফাইনালেই সতীর্থ নদিরবেক ইয়াকুববোএভ-কে (Nodirbek Yakubboev) টাইব্রেকে হারিয়ে উঠলেন ফাইনালে।
ফাইনালের প্রথম দিন ওয়ে ই পেট্রোভ ডিফেন্স (Petrov Defense) বেছে নেন। সাদা ঘুঁটিতে খেললেও সিন্দারভকে প্রথম থেকেই চাপের মধ্যে রেখেছিল সেই ওপেনিং। ম্যাচ শেষে বিশ্লেষণে দেখা যায়, ওয়ে ই এগিয়ে ছিলেন অল্পই—একটি বিশপ-ও-পনের এন্ডগেমে জেতার সুযোগও দানা বাঁধে। কিন্তু সিন্দারভ অটল। প্রতিটি সূক্ষ্ম হুমকি ঠান্ডা মাথায় ঠেকিয়ে লড়াই পৌঁছে দেন ড্র–এ, ৫০ চাল বাদে দুই খেলোয়াড়ই অমীমাংসার সিদ্ধান্ত নেন। যা খুলে দেয় টাইব্রেকের দরজা।
বুধবার লড়াই শুরু হতেই দেখা গেল সম্পূর্ণ অন্য সিন্দারভকে—ঝলসে উঠল গতি, নির্ভুল ক্যালকুলেশন আর নিখুঁত এন্ডগেম। দ্বিতীয় র্যাপিড টাইব্রেকে (Rapid Tiebreak) ওয়ে ই–কে সম্পূর্ণ ছাপিয়ে গেলেন উজবেক কিশোর। মিডল গেমে কৌশলগত সুবিধা তৈরি করে শেষে নিখুঁত রূপান্তর—আর এভাবেই পেলেন কেরিয়ারের সবচেয়ে বড় শিরোপা।
এই জয়ের সুবাদে সিন্দারভের পকেটে ১ লক্ষ ২০ হাজার ডলারের পুরস্কার। যদিও এর থেকেও বড় অর্জন—২০২৬ ক্যান্ডিডেটসে (Candidates 2026) সরাসরি যোগ্যতা, যেখানে শেষ হাসি হাসলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রাস্তা খুলে যেতে পারে।
দাবা দুনিয়ায় এ সাফল্যের তাৎপর্য আরও গভীর। গত বছর ডি. গুকেশ (D. Gukesh) বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। পরপর দিব্যা দেশমুখ-ও (Divya Deshmukh) হাসিল করেছেন বিশ্ব–শিরোপা। তাঁদের সারিতে এবার যোগ হল সিন্দারভের নাম—এক বছরের কম সময়ে তিন কিশোর প্রতিভা দাবার তিন-তিনটি মহাশিরোপা ছিনিয়ে নিলেন।
গোয়ার মঞ্চে, টানটান উত্তেজনার রাতে, জন্ম নিলেন দাবার নতুন ‘টিন এজ সম্রাট’। জাভোখির সিন্দারভ—একটি নাম, যা আগামী দশকে বিশ্ব-দাবার নকশা বদলে দিতে পারে।