পিএসএলের দর্শকহীন গ্যালারি ঢাকতে ভারতের দিকে আঙুল পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির! জ্বালানি সংকট নিয়ে তাঁর আজব যুক্তি ও দ্বিচারিতা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বিস্তারিত পড়ুন।

মহসিন নকভি
শেষ আপডেট: 15 April 2026 13:48
দ্য ওয়াল ব্যুরো: মাত্র কয়েক সপ্তাহ আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) মিনমিন সুরেই জানান—দেশে জ্বালানি সঙ্কট, তাই স্টেডিয়ামে দর্শক আনা যাচ্ছে না।
কয়েক সপ্তাহ ঘুরেছে কি ঘোরেনি, সেই সেই নকভিই এখন বদলে ফেললেন সুর। রীতিমতো চড়া গলায় পাকিস্তান ক্রিকেটের সর্বেসর্বা জানাচ্ছেন—পাকিস্তানে কোনও সঙ্কট নেই। বরং, পড়শি ভারতের পেট্রোল পাম্পে লম্বা লাইন! এই কাউন্টার ‘যুক্তি’ শুনে সাংবাদিক থেকে সোশ্যাল মিডিয়া—হতবাক সবাই।
কী বললেন নকভি?
চলতি পাকিস্তান সুপার লিগে (PSL 2026) দর্শকদের ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন রাখেন নকভির দরবারে। জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের (Shehbaz Sharif) সঙ্গে আলোচনা করবেন। এতদূর ঠিক ছিল। কিন্তু ঠিক এরপরই বদলে যায় সুর। নকভি বলে বসেন, ‘ভারতে জ্বালানি সঙ্কট। পেট্রোল পাম্পে লম্বা লাইন। আমাদের এখানে কোনও লাইন নেই!’
কথাটা হজম হয়নি অনেকের। ক্ষোভ-বিদ্রুপ আছড়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তুলে আনেন বাস্তব তথ্য: ভারতে চলতি মাস পর্যন্ত জ্বালানির দাম মোটের উপর স্থিতিশীল। পেট্রোল পাম্পে লাইন বা সরবরাহ সমস্যা থাকলেও তা সর্বব্যাপী নয়। অর্থাৎ, নকভির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
মাত্র তিন সপ্তাহ আগে কী বলেছিলেন?
২২ মার্চ পিসিবি-প্রধান জানান—পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে পাকিস্তানে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। সরকার নাগরিকদের চলাচল কমাতে বলেছে। স্কুল বন্ধ, ওয়ার্ক ফ্রম হোম চালু। নকভির কথায়, ‘আমরা মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছি। প্রতিদিন ৩০ হাজার মানুষ স্টেডিয়ামে আনা সম্ভব নয়!’ এতকিছুর জন্য পেশোয়ারের সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। অথচ কয়েক সপ্তাহের ব্যবধানে সেই নকভির দাবি—পাকিস্তানে সমস্যা নেই। যত দোষ ভারতের।
এমনিতে পিএসএল এখনও শূন্য গ্যালারিতে চলছে। লাহোর ও করাচির ‘রেড জোনে’ ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠান বাতিল। অথচ একই সময়ে ভারতে আইপিএলের (IPL 2026) প্রতিটা খেলা পূর্ণ গ্যালারিতে। সমালোচকদের বক্তব্য—যদি পাকিস্তানে সঙ্কট না থাকে, তাহলে স্টেডিয়াম খোলা হচ্ছে না কেন? আর যদি সত্যিই সমস্যা থাকে, তাহলে ভারতের দিকে আঙুল তোলার মানে কী?
সব মিলিয়ে পিসিবির (PCB) এই দ্বিচারিতা সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে। বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যখন ক্রমাগত প্রশ্ন উঠছে, তখন পিসিবির এই ধরনের বক্তব্য ভাবমূর্তি উজ্জ্বল করার বদলে আরও ক্ষতি ডেকে আনছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূচি অনুযায়ী, পিএসএল ৩ মে পর্যন্ত চলবে। স্টেডিয়ামে দর্শক কবে ফিরবেন—জানা নেই। কিন্তু নকভির নতুন ‘যুক্তি’ যে সমর্থকদের মধ্যে হাসি ও রাগ দুটোই জাগিয়েছে, সেটা সহজে মিলিয়ে যাওয়ার নয়।