ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একজন কর্মকর্তা সম্প্রতি এসিসি সদর দফতর পরিদর্শন করেছেন, যেখানে তাঁকে বলা হয়েছে, ট্রফিটি আর সেখানে নেই এবং আবুধাবিতে মহসিন নাকভির হেফাজতে রয়েছে।

মহসিন নাকভি
শেষ আপডেট: 24 October 2025 18:57
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ট্রফি নিয়ে (Asia Cup Trophy) মহসিন নাকভি (Mohsin Naqvi) যে আচরণ করে চলেছেন, তা বালখিল্য বললেও কম বলা হয়। এসিসি চেয়ারম্যান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি ভারতের হাতে ট্রফি হস্তান্তরের বিষয়ে তাঁর গোঁ ধরেই বসে রয়েছেন। তাই ট্রফি বিতর্কও থামছে না।
এশিয়া কাপ ফাইনালে টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারানোর পর নাকভি ভারতের হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে না দিয়ে প্রথমে নিজের হোটেলে নিয়ে যান। এরপর সেখান থেকে ট্রফি নিয়ে গিয়ে তিনি রাখেন এসিসিরসদর দফতরে, যা দুবাইয়ে অবস্থিত (ACC Head Office in Dubai)। এবার জানা গিয়েছে, এসিসি চেয়ারম্যান নাকভিদুবাই থেকেও ট্রফিটি সরিয়ে আবুধাবির (Abu Dhabi) কোথাও রেখেছেন।
সংবাদ সংস্থা এএনআই সূত্র জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একজন কর্মকর্তা সম্প্রতি এসিসি সদর দফতর পরিদর্শন করেছেন, যেখানে তাঁকে বলা হয়েছে, ট্রফিটি আর সেখানে নেই এবং আবুধাবিতে মহসিন নাকভির হেফাজতে রয়েছে।
ভারত যখন ট্রফি ফেরতের অপেক্ষায়, তখন বিষয়টি এখন নতুন মোড় নিয়েছে। এই মাসের শুরুতে, নাকভি শর্ত দিয়েছিলেন, ভারত যদি সত্যিই ট্রফিটি চায়, তাহলে বিসিসিআইয়ের প্রতিনিধিকে অবশ্যই তাঁর কাছ থেকে এটি গ্রহণ করতে হবে। সম্প্রতি, তিনি এমন প্রস্তাবও দিয়েছিলেন যে, তিনি ২০২৫ এশিয়া কাপ ট্রফিটি ভারতে হস্তান্তরের জন্য একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান করতে চান। তবে, ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে। বিসিসিআই নাকভিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে ট্রফিটি হস্তান্তরের দাবি জানিয়েছে, কিন্তু নাকভি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে, তিনি নিজে ট্রফিটি পাঠাবেন না, তবে অনুষ্ঠানে এটি গ্রহণের জন্য ভারতকে একজন খেলোয়াড় পাঠাতে হবে।
সেপ্টেম্বরের শেষের দিকে এসিসির সভার পর এমন খবর প্রকাশিত হয়েছিল যে, নাকভি বিসিসিআইয়ের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু পরের দিন তিনি স্পষ্টভাবে তা অস্বীকার করেন। এখন পর্যন্ত, ভারতকে ট্রফি হস্তান্তরের বিষয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান নাকভি।