দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal Weather) ফের দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, সেখানে কয়েক দিন ধরে ঝড়বৃষ্টি চলবে। সোম থেকে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে।

আবহাওয়ার পূর্বাভাস (ফাইল ছবি)
শেষ আপডেট: 31 March 2026 08:17
দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস আগেই ছিল, সেইমতোই সোমবার সন্ধ্যায় কলকাতা (Kolkata Weather) ও দক্ষিণবঙ্গে বৃষ্টি নামে। কোথাও টিপটিপ, কোথাও আবার জোরে, সঙ্গে ছিল বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া। মঙ্গলবার অর্থাৎ আজকের জন্যও হাওয়া অফিস জারি করেছে জরুরি সতর্কতা (Heavy Rain Alert)। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আজ সারাদিনে দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ (Kolkata Weather Today) মোট ছয় জেলায় প্রবল বজ্রপাত হতে পারে। কোথাও ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, আবার কোথাও হাওয়ার গতি থাকবে ৩০–৪০ কিলোমিটার। শহর কলকাতায়ও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
কোন কোন জেলায় সতর্কতা?
দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে লাল সতর্কতা। সেখানে ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে রয়েছে কমলা সতর্কতা। বৃষ্টির (Rain Forecast) সঙ্গে দমকা হাওয়া বইবে অনেক জায়গায়।
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও কঠিন
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal Weather) ফের দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, সেখানে কয়েক দিন ধরে ঝড়বৃষ্টি চলবে। সোম থেকে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। মঙ্গলবার এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহেও মঙ্গলবার ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কী বলছে হাওয়া অফিস?
হাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুরে ঝড়বৃষ্টি সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জন্য মানুষকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সর্বোপরি, রাজ্যের দুই ভাগেই ফের সক্রিয় হয়েছে মৌসুমি অস্বস্তিকর আবহাওয়া। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক ঘণ্টা আরও ঝড়বৃষ্টি চলতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার শহরের সর্বোচ্চ তাওমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ছিল ২৬ ডিগ্রির আশেপাশে।